বাংলাদেশে সব উন্নয়ন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে: শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে, তা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে।
আজ (মঙ্গলবার) বিকেলে মাগুরায় জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা জানিয়েছেন, তার সরকার দেশে দারিদ্র্যের হার কমিয়ে এনেছে। সামাজিক নিরাপত্তামূলক কাজ করছে। শিক্ষার ওপর জোর দিচ্ছে। দেশ যেন আরো দ্রুত এগিয়ে যায় সেই লক্ষে কাজ করে যাচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় এসে বিএনপি মাগুরায় সন্ত্রাস কায়েম করেছিল। পিছিয়ে দিয়েছিল দেশকে। তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এলে কখনোই দেশের উন্নয়ন হয় না।
শেখ হাসিনা গত নয় বছরের মধ্যে এই প্রথম মাগুরা সফর করছেন। এর আগে ২০০৮ সালে তিনি নির্বাচনী প্রচারের জন্য সর্বশেষ মাগুরা সফর করেন
আজ অপরাহ্নে প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মাগুরায় পৌঁছে প্রথমে ২৫০ শয্যা হাসপাতাল ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শ্রীপুর ও মোহাম্মদপুরে ফায়ার সার্ভিস, স্থানীয় সরকারি কলেজের একাডেমিক ভবনসহ ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে ৩২৭ কোটি টাকা।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও আবদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২১