জঙ্গিবাদের থাবা থেকে শিক্ষার্থীদের মুক্ত রাখতে উদ্যোগী হোন: শেখ হাসিনা
-
স্বর্ণপদক বিতরণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের থাবা থেকে শিক্ষার্থীদের মুক্ত রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। কারা জঙ্গিবাদে অস্ত্র, অর্থ ও উৎসাহ দিচ্ছে- তা খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন তিনি।
আজ (বুধবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন- ইউজিসির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক' প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
সাম্প্রতিক সময়ে ইসলামের নামে জঙ্গিবাদের প্রসারের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, "কেবল বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিমপ্রধান দেশগুলোতে এই প্রবণতা দেখা যাচ্ছে। এখানে কথা হচ্ছে, কারা এদের হাতে অস্ত্র দিচ্ছে? কারা এদের টাকা দিচ্ছে? কারা এদের উৎসাহিত করছে?”
শেখ হাসিনা বলেন, “অনেক উন্নত দেশ, সেখানে পড়াশোনা করতে গিয়ে উল্টো এ ধরনের জঙ্গিবাদের পথে চলে যাচ্ছে। আমাদের দেশেও কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটছে।”
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ছেলেমেয়েরা কী করছে, কোথায় যাচ্ছে, ক্লাসে অনুপস্থিত থাকছে কী না- সে দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে তারা বিপথে যেতে না পারে।
ইসলামকে 'শান্তির ধর্ম' হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, “এখানে কখনোই বলা হয়নি যে, নিরীহ মানুষ হত্যা কর। আর নিরীহ মানুষ হত্যা করলে বেহেশতে চলে যাবে- এটা কি করে হয়?”
জঙ্গিদের আত্মঘাতী হামলার সমালোচনা করে তিনি বলেন, “আমাদের ইসলাম ধর্মে আত্মহত্যা মহাপাপ। সেই মহাপাপের পথে কী করে যায় ধর্মের নামে?”
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বাংলাদেশ রাষ্ট্রের অসাম্প্রদায়িক চেতনার কথাও তুলে ধরে বলেন, “আমরা বাংলাদেশের মানুষ ধর্মে বিশ্বাস করি, ধর্ম পালন করি, আমরা ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নই।
শেখ হাসিনা বলেন, “এই অঞ্চলে আমরা সবসময় একটা সম্প্রীতি নিয়ে চলি। কিন্তু সেই জায়গায় উগ্রবাদ যে ধ্বংস এনে দেয়, বা আমাদের পবিত্র ধর্ম ইসলামের যে বদনাম করে দিচ্ছে- সেটা তারা (জঙ্গি) বোঝে কী না তা জানি না।”
জঙ্গিবাদের পাশাপাশি মাদকাসক্তি থেকে ‘ছেলেমেয়েদের’ রক্ষা করতে অভিভাবক, শিক্ষকসহ সবাইকেই আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান সরকারপ্রধান।
তিনি বলেন, এসব মোকাবিলায় তার সরকার শিক্ষার প্রসার ঘটানোসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ক্রীড়া ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
এ অনুষ্ঠানে ২০১৩ ও ২০১৪ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাওয়া ২৩৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫৬ জনের হাতে পদক তুলে দেন শেখ হাসিনা। অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান অনুষ্ঠানে বক্তব্য দেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২