পুরোনো জঞ্জাল ফেলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে: প্রধানমন্ত্রীর আশাবাদ
পুরোনো বছরের জঞ্জাল পেছনে ফেলে নতুন বছরে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে বলে আশা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শুক্রবার) সকালে গণভবনে আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে এ আশাবাদ জানান তিনি।
দেশবাসীকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন বছরে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। দেশের মানুষ আনন্দলোকে বাস করবে, সুন্দর জীবন পাবে। সে লক্ষ্যে কাজ করছে সরকার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা লক্ষ্য অর্জন করতে পারব।
পুরোনো বছরকে বিদায় জানিয়ে, বাংলা নতুন বছর ১৪২৪ কে বরণ করতে নববর্ষের আবাহনী বাতাস যেন ছুঁয়ে যায় গণভবনেও। সকাল থেকেই আসতে থাকেন মানুষ। শুভেচ্ছা বিনিময়ের জন্য সকাল সাড়ে ১০টায় গণভবন প্রাঙ্গণে করা প্যান্ডেলে আসেন প্রধানমন্ত্রী। প্রথমে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় 'এসো হে বৈশাখ এসো এসো' গানটি পরিবেশন করেন শিল্পী সুবীর নন্দী, লাইলি ইসলাম, শামা রহমানসহ অন্য শিল্পীরা। ঢাক-ঢোল-বাঁশি আর দোতরার মূর্ছনায় মেতে ওঠেন সবাই। সমবেত কণ্ঠের সঙ্গে সুর মিলিয়ে প্রধানমন্ত্রীও গেয়ে ওঠেন বৈশাখী সঙ্গীত।
পরে অন্য অতিথিদের শুভেচ্ছা গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময়, ঐতিহ্যবাহী লোক সংগীত, বাউল, দেশাত্ববোধক, ভাওয়াইয়া, রবীন্দ্র, নজরুল, হাসন রাজা ও রজনীকান্তের গান উপভোগ করেন তারা। অনুষ্ঠানে বাংলার সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।
শুভেচ্ছা জানাতে আসা অতিথিদের ঐতিহ্যবাহী খাবার মোয়া, মুড়ি-মুড়কি, মুরালি, কদমা, জিলাপি ও বিভিন্ন ধরনের মিষ্টি দিয়ে আপ্যায়িত করা হয়।
এ সময়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের; শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৪