ভুটান সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
-
ভুটানে শেখ হাসিনা
ভুটানে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টার দিকে ড্রুক এয়ারের একটি ভিভিআইপি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা পৌঁছান তিনি। হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ভুটানের পারো আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটটি। বিমানবন্দরে যাওয়ার পথে স্কুলের শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দুই দেশের পতাকা নেড়ে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
পারো বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী। অটিজম বিষয়ক আন্তর্জাতিক একটি কনফারেন্সে যোগ দিতে প্রধানমন্ত্রী গত মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে ভুটানে যান।
সফরকালে ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক, রাণী ড্রুক পেমা ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী শেরিং তোবগে’র সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সফরকালে বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী সেখানে আর্ন্তজাতিক অটিজম সম্মেলনে অংশ নেন।
বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্রসচিব শহীদুল হক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক (ডিজি) মনোয়ার হোসেন। ভুটান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা চুক্তি ও স্মারকে সই করেন।
চুক্তিগুলো হলো, দ্বৈত কর পরিহার, অভ্যন্তরীণ নৌরুট ব্যবহার, যোগাযোগ ও বাণিজ্য, পণ্য ও কৃষিজাত পণ্যের মান নিয়ন্ত্রণ ও সাংস্কৃতিক সহযোগিতা এবং থিম্পুতে বাংলাদেশ দূতাবাস ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জাহিদ মালিক, সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন, অটিজম বিশেষজ্ঞ সায়মা হোসেন ওয়াজেদ, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২০