শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i37698-শ্রমজীবী_মানুষের_ভাগ্য_পরিবর্তনে_কাজ_করে_যাচ্ছে_আওয়ামী_লীগ_শেখ_হাসিনা
বাংলাদেশের শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, দেশে বিদেশে কাজ করতে শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। সেইসঙ্গে শ্রমিকদের কর্মক্ষেত্র যেন শান্তিপূর্ণ ও নিরাপদ থাকে সে দিকটাও বিশেষ দৃষ্টি দেয়া হচ্ছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ১১, ২০১৭ ১২:৩৯ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, দেশে বিদেশে কাজ করতে শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। সেইসঙ্গে শ্রমিকদের কর্মক্ষেত্র যেন শান্তিপূর্ণ ও নিরাপদ থাকে সে দিকটাও বিশেষ দৃষ্টি দেয়া হচ্ছে।

আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একাত্তরে অল্প সময়ের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশটির কলকারখানাগুলো জাতীয়করণ করে শ্রমিকদের কাজের সুযোগ করে দিয়েছেন বঙ্গবন্ধু। কারণ যারা কৃষক শ্রমিক মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, খেঁটে খাওয়া মানুষ তাদের কল্যাণের জন্যই এই স্বাধীনতা। কাজেই আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে সব সময় সাধারণ মানুষের কল্যাণেই কাজ করেছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি হলো, এ দেশের মেহনতি মানুষের জন্য।

শেখ হাসিনা বলেন, শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ও নিশ্চয়তা প্রদানেও সরকার সব সময় তৎপর। শিল্পাঞ্চল ছাড়া কোনো দেশ উন্নত হতে পারে না। সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি।

শ্রমজীবীদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের উন্নয়ন ও উৎপাদনের সাথে যারা সরাসরি জড়িত, যারা শ্রম দিচ্ছে তাদের ভাগ্য পরিবর্তন বা তাদের কর্মস্থানে নিরাপত্তা প্রদান এবং তাদের পরিবার বিপদে আপদে যেনো সহায়তা পায় সেদিকে আমাদের লক্ষ্য। শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করা এটাই আ’লীগের নীতি আর এটাই আমাদের লক্ষ্য।

তিনি জানান, সব শ্রমিকের কল্যাণ ও সুরক্ষায় এবং তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করেছি। এ জন্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করে দিয়েছি। বর্তমানের এ ফাউন্ডেশনের ২০০ কোটি টাকা তহবিল রয়েছে। শ্রম সংক্রান্ত দুর্ঘটনা ও চিকিৎসার জন্য দীর্ঘমেয়াদে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে টেকসই এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালু করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ৬৪ জন দরিদ্র শ্রমজীবীর স্বজনদের ৭৯ লাখ টাকা অনুদান দেন সরকার প্রধান। এর মধ্যে ২৭ জন নিহত শ্রমজীবী পরিবারের ১১ জনকে ২ লাখ, ১৪ জনকে ১ লাখ এবং ৩৭ মেধাবী সন্তানের উচ্চশিক্ষার জন্য ৫০ হাজার টাকা করে সহায়তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১১