পুরোটাই ঋণ নির্ভর বাজেট, চলছে লুটপাটের মহোৎসব: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i41336-পুরোটাই_ঋণ_নির্ভর_বাজেট_চলছে_লুটপাটের_মহোৎসব_রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীনরা সারাদেশে ‘ভুয়া’ সংগঠন তৈরি করে সরকারি বরাদ্দ আত্মসাৎ করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০২, ২০১৭ ১৪:০৯ Asia/Dhaka
  • বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীনরা সারাদেশে ‘ভুয়া’ সংগঠন তৈরি করে সরকারি বরাদ্দ আত্মসাৎ করছে।

আজ (রোববার) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী  উল্লেখ করেন, রিজভী অভিযোগ করেন, ক্ষমতাসীনরা ‘জুন ক্লোজিংয়ের’ নামে সারা দেশে লুটপাট করছে। এমনকি মসজিদ-মন্দিরের নামে ভুয়া কমিটি করে অথবা নামসর্বস্ব ধর্মীয় ও সামাজিক ক্লাব-সংগঠন দেখিয়ে সরকারি বরাদ্দ নিজেদের পকেটে ঢোকাচ্ছে। সারা দেশের জেলা-উপজেলায় চলতি জুনে ভুয়া প্রকল্পের মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাটের মহোৎসবের খবর গণমাধ্যমগুলোর এখন প্রধান শিরোনাম।

গনমাধ্যমের খবর  উদ্ধৃত করে রিজভী বলেন, ‘ব্যাংক, বিমাসহ সব আর্থিক প্রতিষ্ঠান গিলে ফেলে এখন তারা মসজিদ-মন্দিরের টাকাও আত্মসাতে মেতে উঠেছে। লুটপাটের মাধ্যমে বিদেশে টাকা পাচার করে পুরো দেশটাকে ধ্বংস করেও ক্ষমতাসীনদের ক্ষুধা মিটছে না।

নতুন অর্থবছরের বাজেটকে গরীব মারার বাজেট অভিহিত করে রুহুল কবির রিজভী বলেন, ঋণের বোঝা নিয়ে নতুন অর্থবছর শুরু হয়েছে। আজকে যে শিশুটি জন্মগ্রহণ করবে তার মাথায়ও ঋণের বোঝা পড়বে ৪৬ হাজার ১শত ৭৭ টাকা। বছরে বছরে এই ঋণের বোঝা শুধু বাড়ছেই। বিশাল ঘাটতির এই বাজেট পুরোটাই ঋণ নির্ভর। ক্ষমতাসীনরা লুটপাটের মাধ্যমে অবৈধভাবে অর্জিত লাখ লাখ কোটি টাকা বিদেশে পাঁচার করে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে সাধারণ মানুষের ওপর।

 ‘দেশ অগ্রগতির দিকে যাচ্ছে'- সংসদে বাজেট পাসের সমাপনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, প্রকৃত পক্ষে সরকার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

 আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গুলশানে বাসায় গোয়েন্দা পুলিশের ঘিরে রাখার ঘটনার নিন্দা জানিয়ে রিজভী বলেন, এটা মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতার ওপর চরম আঘাত। মাহমুদুর রহমানকে কথা বলা ও তার লেখাকে নানাভাবে আটকানোর জন্য সরকার রাষ্ট্রশক্তির দমনযন্ত্র প্রয়োগ অব্যাহত রেখেছে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২