আমার মায়ের ওপরও ঘাতকদের আক্রোশ ছিল: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i43738-আমার_মায়ের_ওপরও_ঘাতকদের_আক্রোশ_ছিল_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্টের খুনিরা মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গমাতার অবদান সম্পর্কে জানত, তাই তাকেও নির্মমভাবে হত্যা করেছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ০৮, ২০১৭ ১৩:১২ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্টের খুনিরা মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গমাতার অবদান সম্পর্কে জানত, তাই তাকেও নির্মমভাবে হত্যা করেছে।

আজ (মঙ্গলবার) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তার কন্যা শেখ হাসিনা বলেন, “ঘাতকের দল জানত এদেশের স্বাধীনতার পেছনে আমার মায়ের অবদান। তাই আমার মায়ের ওপরও তাদের আক্রোশ ছিল।“

স্কুল কলেজের প্রথাগত শিক্ষা অর্জন করতে না পারলেও বেগম মুজিব স্বশিক্ষিত ছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাবার পাশে থেকে মা যদি ত্যাগ স্বীকার না করতেন তাহলে হয়তো আজকে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করতে জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করা হয়। তার পর ঘাতকরা দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনার উল্টোরথে চড়িয়ে দেয়। দেশ বিরোধী সেই ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে।

এদিকে, আজ সকালে রাজধানীর বনানী কবরস্থানে ফজিলাতুন্নেসা মুজিবের কবরে   শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালন করে আগস্ট মাসকে কলঙ্কিত করেছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, যে মর্মান্তিক দিবসটিতে স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, সেই ১৫ই আগস্ট তারা ভুয়া জন্ম দিবস পালন করে, কেক কাটে; এই বিষয়টাতে আমাদের ঘৃণা আছে। কিন্তু তাই বলে আমরা তাদের প্রোগ্রাম করতে দিচ্ছি না একথা সঠিক নয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের সামনে নিজেরাই দ্বন্দ্ব-সংঘাত করে কর্মসূচি পণ্ড করছে; তারপর আওয়ামী লীগের উপর দোষ চাপাচ্ছে।  

ভিন্ন এক আনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াত নিষিদ্ধের দাবি উঠতে পারে। ঠিক তেমনিভাবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী জিয়াউর রহমানের দল বিএনপির এ দেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না।

মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় হানিফ বলেন, যারা দেশকে ধ্বংস করার রাজনীতি করছে। দেশকে এখনও পাকিস্তানি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িতদের বিচার হয়েছে কিন্তু মূল চক্রান্তকারী জিয়াউর রহমানের বিচার হয়নি। তার মরণোত্তর বিচারের দাবি করছি। এ বিচারের মাধ্যমে জাতির কাছে তার মুখোশ উন্মোচিত হওয়া দরকার।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৮