প্রধান বিচারপতি এখন আওয়ামী লীগের কাঠগড়ায়: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i44780-প্রধান_বিচারপতি_এখন_আওয়ামী_লীগের_কাঠগড়ায়_রিজভী
বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে সরকার প্রতিশোধ নিতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২৫, ২০১৭ ১২:০৫ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী আহমেদ
    রুহুল কবির রিজভী আহমেদ

বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে সরকার প্রতিশোধ নিতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে রিজভী বলেন, "গণমাধ্যমে খবর বেরিয়েছে প্রধান বিচারপতির আয়-ব্যয়ের তদন্ত শুরু করেছে এনবিআর ও বাংলাদেশ ব্যাংক। রায়ের পর প্রধান বিচারপতির বিরুদ্ধে মন্ত্রী এমপিদের আক্রমণাত্মক বক্তব্যে যখন সব মহলে সমালোচনার ঝড় উঠেছে, তখন আয়-ব্যয়ের এ তদন্তকে প্রধান বিচারপতির বিরুদ্ধে সরকার প্রতিশোধ নিতে শুরু করেছে বলে সবাইমনে করছে। সর্বোচ্চ আদালতকে নতজানু রাখতে সরকার পোড়ামাটি নীতি গ্রহণ করেছে। প্রধান বিচারপতি এখন আওয়ামী লীগের কাঠগড়ায়।"

রিজভী আরও বলেন, "ঠিক যেভাবে বিরোধীদলকে হেনস্তা ও হয়রানি করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতাদের বিরুদ্ধে দুদক এবং এনবিআরকে ব্যবহার করে মিথ্যা মামলা দায়ের করে কার্যক্রম চালানো হচ্ছে। প্রধান বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরুতে এটি আরো স্পষ্টভাবে প্রমাণিত হলো, সরকার যাদেরকে তার বিরোধীপক্ষ মনে করে তাদের বিরুদ্ধেই দুদক এনবিআরের মতো প্রতিষ্ঠানকে ব্যবহার করে বানোয়াট মামলা দায়ের করে।"

শামসুজ্জামান দুদু

'আওয়ামী লীগ নেতারা রাষ্ট্রপতি প্রধান বিচাপতিকে বিতর্কিত করছে'

এদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, "সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা রাষ্ট্রপতি ও প্রধান বিচাপতিকে বিতর্কিত করছে। তারা রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বিতর্কিত করে আরো একটি ১/১১ ঘটাতে চাচ্ছে। কারণ ১/১১ মত কোন অনৈতিক শক্তি ছাড়া আওয়ামী লীগকে কেউ রক্ষা করতে পারবে না।"

আজ (শুক্রবার) সকালে রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, "প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন। তিনি রাগ-অনুরাগের বশবর্তী হয়ে সংবিধান, রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বিতর্কিত করেছেন। তারা তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে একের পর এক অপকৌশল চালিয়ে যাচ্ছে।"

খন্দকার মাহবুব হোসেন

রায়ে আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে: খন্দকার মাহবুব

অন্যদিকে, বিচারকদের অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, "সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় ইতিহাসে একটি বিরল ঘটনা। এতে আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে। আঁতে ঘা লেগেছে। কারণ, এ রায়ে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি এবং ব্যর্থতা তুলে ধরা হয়েছে।"

খন্দকার মাহবুব আরও বলেন, বিচারব্যবস্থা যদি নষ্ট হয়ে যায়, মানুষের সুবিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল আর কোথায় হবে? আওয়ামী লীগ যে বক্তব্য দিচ্ছে, তার একশ ভাগের একভাগ যদি বিএনপি দিত, তাহলে সঙ্গে সঙ্গে আদালত অবমাননার মামলা হতো।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৫