রাজশাহী ও চট্টগ্রামে চামড়া শিল্প অঞ্চল গড়ে তুলব: শেখ হাসিনা
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)
বাংলাদেশের চামড়া শিল্পে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে দেশে দু’টি নতুন চামড়া শিল্প অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।
আজ (বৃহস্পতিবার) তিন দিনব্যাপী ‘বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৭’-এর উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। চীন, ভারত, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ ১৫টি দেশের বিশ্বখ্যাত ব্র্যান্ডস ও আন্তর্জাতিক ক্রেতারা অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদর্শনীটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এই আয়োজন একদিকে আমাদের দেশীয় বিনিয়োগকারীদের মধ্যে যেমন নতুন উদ্দীপনার সৃষ্টি করবে আবার অন্যদিকে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হবেন। রাজশাহী বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এই দুটি জায়গায় নতুন দুটি চামড়া শিল্প অঞ্চল আমরা গড়ে তুলব। রূপকল্প ২০২১ বাস্তবায়নে স্থিরকৃত ৬০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে এই খাত প্রায় পাঁচ বিলিয়ন রপ্তানি আয় অর্জন করতে পারবে যদি যথাযথভাবে এটি কার্যকর করা যায়।
শেখ হাসিনা আরও বলেন, এ আয়োজনের কারণে বাংলাদেশি চামড়া ও পাদুকাসহ চামড়াজাত পণ্যের মান ও বৈচিত্র্য বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরা সম্ভব হবে। চামড়া খাতে শিল্প উদ্যোক্তাদের কমপ্লায়েন্স, দক্ষ শ্রমিকের সহজলভ্যতা, প্রতিযোগিতামূলক উৎপাদন খরচ, উদ্যোক্তাদের সক্ষমতা ও সফলতা ব্যাপকভাবে প্রচার করা যাবে।
এ সময়, চামড়ার গুণগত মান নষ্ট হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চামড়া ছাড়ানোর সঙ্গে জড়িতদের প্রশিক্ষণ দিতে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের সহায়তা দেবো।
নতুন রফতানি বাজার খোঁজার পাশাপাশি পণ্যের মান উন্নতকরণ ও বহুমুখীকরণের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আন্তর্জাতিক মান ও স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য একটি টেস্টিং ও ক্যালিব্রেশন সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া, আয়কর রেয়াত, ওয়েট ব্লু লেদার ছাড়া চামড়াখাতে এফওবি রফতানি মূল্যের ওপর ১০০ ভাগ এক্সপোর্ট পারফরম্যান্স লাইসেন্স সুবিধা প্রদান, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর, ভবিষ্যতে রাজশাহী ও চট্টগ্রামে ট্যানারি শিল্পাঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা, চামড়া, চামড়াজাত পণ্য ও পাদুকা রফতানির ক্ষেত্রে ১৫ শতাংশ নগদ সহায়তা প্রদানসহ শ্রমঘন এ শিল্পখাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৬