রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/bangladesh-i52065-রোহিঙ্গাদের_দেখতে_বাংলাদেশে_ইন্দোনেশিয়ার_প্রেসিডেন্ট
মিয়ানমার সরকারের নির্যাতন থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দুরবস্থা সরেজমিনে দেখতে দু’দিনের রাষ্ট্রীয় সফরে এসেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ভিদোদো।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৮ ১৭:১০ Asia/Dhaka
  • ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে ফুল দিয়ে বরণ করছে একটি শিশু (পাশে) বাংলাদেশের প্রেসিডেন্ট
    ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে ফুল দিয়ে বরণ করছে একটি শিশু (পাশে) বাংলাদেশের প্রেসিডেন্ট

মিয়ানমার সরকারের নির্যাতন থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দুরবস্থা সরেজমিনে দেখতে দু’দিনের রাষ্ট্রীয় সফরে এসেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ভিদোদো।

ফার্স্ট লেডি ইরিয়ানা জোকো ভিদোদোকে সঙ্গে নিয়ে ইন্দোনেশিয়ার একটি বিশেষ বিমানে করে আজ বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি। তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে বাংলাদেশের পক্ষ থেকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। রাষ্ট্রীয় অতিথির প্রতি সম্মান জানিয়ে তাঁকে ২১ দফা গান সেলুট প্রদানের মাধ্যমে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, তাঁর পত্নী রাশিদা খানম ও কেবিনেট মন্ত্রীদের সঙ্গে নিয়ে তাঁকে স্বাগত জানান।

বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে করমর্দন করছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ ভিদোদোকে একটি অস্থায়ী মঞ্চে নিয়ে আসেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি যৌথ কন্টিনজেন্ট তাঁকে গার্ড অব অনার প্রদর্শন করে।

আনুষ্ঠানিকতা শেষে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হোটেল সোনারগাঁও-এর উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ সফরকালে এখানেই তাঁর অবস্থান করার কথা।

ঢাকার রাজপথে শোভা পাচ্ছে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের প্রেসিডেন্টের ছবি

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ভিদোদো সন্ধ্য ৭টায় বঙ্গভবনে প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশে তাঁর সরকারি সফর শুরু করেন। তিনি আগামীকাল সকাল সাড়ে ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

আগামীকাল তাকে কক্সবাজার সফরে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় শিবির পরিদর্শন করবেন, তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের ওপর নির্যাতনের কথা শুনবেন।

বাংলাদেশে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দু’দিনের সরকারি সফর শেষে আগামী সোমবার সকাল ৯টায় ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭