খালেদা শ্যোন অ্যারেস্ট, দুদু গ্রেপ্তার: মানববন্ধন পালিত
https://parstoday.ir/bn/news/bangladesh-i52901-খালেদা_শ্যোন_অ্যারেস্ট_দুদু_গ্রেপ্তার_মানববন্ধন_পালিত
একটি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে কুমিল্লায় রুজু করা নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়েছে। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০১৮ ১৫:০৭ Asia/Dhaka

একটি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে কুমিল্লায় রুজু করা নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়েছে। 

২০১৫ সালে অবরোধ আন্দোলনের সময় বাসে পেট্রলবোমা ছুড়ে আগুনে পুড়িয়ে মানুষ হত্যার দায়ে খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি রুজু হয়। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস জানান, ‘২০১৫ সালের এই মামলার চার্জশিট আমলে নেয়ার পরিপ্রেক্ষিতে তাকে (খালেদা) গ্রেপ্তার দেখানো হয়েছে।’

উল্লেখ্য, খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার আদালতে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় হাইকোর্ট স্থগিতাদেশ দেন। সব মিলিয়ে তার বিরুদ্ধে ৩৪টি মামলা রয়েছে। এর মধ্যে ৪টি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

বিএনপি নেতারা দাবি করছেন, বেগম জিয়াকে আগামী জাতীয় নির্বাচন থেকে দূরে রাখার অপকৌশল হিসেবে এব বানোয়াট মামলা ও বিচারের প্রহসন করা হচ্ছে।

মানববন্ধনে মির্জা ফখরুল ইসলাম

'খালেদাকে মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে'

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন, ‘বর্তমান সরকার মিথ্যা ও সাজানো মামলায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে সাজা দিয়েছে। তারা চায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটা ভোটারবিহীন নির্বাচন করতে। কিন্তু দেশে আর কোনো একতরফা ভোট করতে দেয়া হবে না। বিএনপি ও ২০ দলীয় জোট খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাবে।’

আজ (সোমবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে তিনি বলেন, ‘খালেদা জিয়া কারাগারে থাকবেন আর দেশে ভোট হবে, এমনটি হবে না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাঁকে মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।’

২০ দলীয় জোটের সমন্বয়ক মির্জা ফখরুল আরো বলেন, ‘যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত না হবেন, ততক্ষণ পর্যন্ত জনগণের শান্তিপূর্ণ আন্দোলন থামানো যাবে না।

সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম

'কোনো প্রকার উসকানিতে পা দেয়া যাবে না'

খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনের কৌশল প্রসঙ্গে ২০ দলীয় জোটের শরীক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রেডিও তেহরানকে বলেন, শান্তিপূর্ণ অন্দোলন চালাতে গিয়ে সংঘাত এড়িয়ে চলতে হবে, কোনো প্রকার উসকানিতে পা দেয়া যাবে না। সরকারি এজেন্টরা অনুপ্রবেশ করে যেন অন্তর্ঘাতমূলক কিছু করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি আরো জানান, কর্মসূচি চলাকালে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং কর্মসূচিতে পরিবর্তন আনা হবে।

শামসুজ্জামন দুদু

দুদু গ্রেপ্তার

এদিকে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সারা দেশে কর্মসূচি পালন করেছে বিএনপি এবং তাদের জোট সঙ্গীরা। কর্মসূচি পালন করতে গিয়ে আজ রাজধানীতে বিএনপি’র ভাইস চেয়ারম্যাn শামসুজ্জামান দুদু গ্রেপ্তার হয়েছেন। এছাড়া, বিভিন্ন জেলায় বেশকিছু নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত এক সপ্তাহে দলের প্রায় পাঁচ হাজার নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে বিএনপি দাবি করেছে।

বৃহস্পতিবার বেগম জিয়াকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে পরদিন শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ করেছে দলের নেতাকর্মীরা। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) অনশন কর্মসূচি পালন করবে বিএনপি।

ঢাকায় মানববন্ধন

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পৃথকভাবে মানববন্ধন করেছে।

বিশ্বদ্যিালয়ের শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের মানববন্ধন কর্মসূচি পালন করেন।

তাছাড়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ব্যানারে আইনজীবীরা দুপুর ১টার দিকে পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় তাদের মানববন্ধন কর্মসূচি পালন করেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১২