খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীকী অনশনে নেতাকর্মীরা
-
জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনে নেতাকর্মীরা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীকী অনশন করছেন বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। আজ (বুধবার) সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অনশন শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
অনশনে অংশ নিতে সকাল ৯টা থেকেই নেতাকর্মীরা দলে দলে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। বক্তব্যের ফাঁকে ফাঁকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন কর্মী-সমর্থকরা।
অনশনে উপস্থিত আছেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, নিতাই রায় চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ২০ দলের শরিক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল করিম, ন্যাপ-ভাসানীর মহাসচিব গোলাম মোস্তফা, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।
এদিকে, বিএনপির এ অনশনকে ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় রয়েছে অন্য দিনের তুলনায় অতিরিক্ত পুলিশ। এ ছাড়া আছে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশীবাজারের বিশেষ আদালত। এর পর তাকে আদালতের পাশে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে নিয়ে যাওয়া হয়।
এদিকে আদালত থেকে ফিরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে এ রায়ের প্রতিবাদে শুক্র ও শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর পর শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে সোমবার সারা দেশে মানববন্ধন ও মঙ্গলবার অবস্থান কর্মসূচি পালিত হয়। এর পর আজ বুধবার সকাল থেকে ঢাকাসহ সারা দেশের জেলা-মহানগর ও থানা-উপজেলায় অনশন কর্মসূচি চলছে।
‘রায়ের কপি বিকাল ৪টায় পাওয়া যেতে পারে’
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের সার্টিফায়েড কপি আজ বিকেল ৪টায় পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
আজ দুপুরে তিনি জানান, মঙ্গলবার আমরা রায়ের কপি পাইনি। আদালত থেকে বলা হয়েছে- রায়ের কপি আজ সরবরাহ করা হবে। বিশেষ জজ আদালত-৫ এ কপি সরবরাহ করবেন। এ জন্য আমাদের আর আলিয়া মাদ্রাসা মাঠে আসতে হবে না। সানাউল্লাহ মিয়া বলেন, আজ যদি রায়ের কপি পাই, তা হলে পরের দিন বৃহস্পতিবার আপিল করতে পারব। আপিল করার পর যদি খালেদা জিয়ার বিরুদ্ধে কাস্টডি ওয়ারেন্ট (সিডব্লিউ) বা প্রোডাকশন ওয়ারেন্ট (পিডব্লিউ) দেয়া হয়, তখন আমরা আদালতে সেগুলো প্রত্যাহারের আবেদন করব।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪