বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে: মির্জা ফখরুল
-
ভাষাশহীদের কবরে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে; দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকেও ধ্বংস করা হয়েছে। আজ (বুধবার) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
আজ সকাল সাড়ে ছয়টার পর থেকে বিএনপির নেতা-কর্মীরা রাজধানীর নিউমার্কেটের বিপরীতে বলাকা সিনেমা হলের সামনে জড়ো হতে শুরু করে। বিএনপি নেতা-কর্মীরা সকাল আটটার দিকে প্রথমে আজিমপুর কবরস্থানে ভাষাশহীদ শফিউর রহমান ও আবুল বরকতের কবর জিয়ারত করে এবং এরপর আজিমপুর থেকে মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। সেখানে বেলা সোয়া ১১টার দিকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতারা।
শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির মহাসচিব বলেন, ‘এই দিনে আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল ও দলের চেয়ারপারসনের পক্ষ থেকে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি।
তিনি বলেন, অত্যন্ত দুঃখ, কষ্ট ও ভারাক্রান্ত হৃদয়ে দিনটি পালন করছি। আজকে এমন এক সময় এ দিবস আমাদের পালন করতে হচ্ছে, যখন বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া চিরকাল গণতন্ত্রের সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তাঁকে একটি মিথ্যা মামলায় কারাগারে দিন যাপন করতে হচ্ছে।
ফখরুল ইসলাম বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে সংসদ পর্যন্ত দলীয়করণ করা হয়েছে। সমস্ত রীতিনীতি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। মানুষের অধিকার কেড়ে নেয়া হচ্ছে, ভোটের অধিকার কেড়ে নেয়া হচ্ছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা সমগ্র বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র ও দেশনেত্রীকে মুক্ত করার জন্য একটি ঐক্যবদ্ধ গণ-আন্দোলন গড়ে তুলব এবং যে সরকার জগদ্দল পাথরের মতো বসে আছে, তাদের সরিয়ে ও পরাজিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, অধ্যাপক সুকমল বড়ুয়া, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, জয়নুল আবদিন ফারুক, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দল এবং বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ভাষাশহীদদের শ্রদ্ধা জানান।
এদিকে, খালেদা জিয়ার মুক্তি দাবিতে বৃহস্পতিবার পূর্বঘোষিত সমাবেশ আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি দেয়া সম্ভব না হলে নয়াপল্টনে তা আয়োজন করার কথা জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘যদি সোহরাওয়ার্দী উদ্যানে দিতে অসুবিধা হয় তাহলে নয়াপল্টনের সামনে দিন। আমরা সেখানেই সমাবেশ করব।’
সমাবেশের প্রস্তুতিতে বাধা দিতেই কর্মসূচিটির অনুমতি দিতে বিলম্ব করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বিএনপির কোনো কর্মসূচিতে বাধা দিচ্ছি না। আপনাদের যদি সোহরাওয়ার্দী উদ্যানে দিতে অসুবিধা হয়, তাহলে নয়াপল্টনের সামনে দিন। আমরা সেখানেই সমাবেশ করবে। নেত্রীর মুক্তির দাবিতে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি পুলিশ দিবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।’#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২১