ঢাকায় সমাবেশের অনুমতি পায় নি বিএনপি: মিশ্র প্রতিক্রিয়া
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে সমাবেশ করার অনুমতি পায় নি বিএনপি। সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার ঢাকা মহানগরীতে কালো পতাকা মিছিল করবে বিএনপি।
বুধবার বিকেলে বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেছেন।
রিজভী উল্লেখ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বিএনপির কোনও কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে না। তাহলে আজ কেন সমাবেশের অনুমতি দেননি? সমাবেশের অনুমতি না দেয়াকে সরকারের গণতন্ত্রবিরোধী আচরণ বলেও আখ্যা দেন তিনি।
এর আগে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২২ ফেব্রুয়ারি রাজধানীতে সমাবেশের কর্মসূচি নেয় বিএনপি। সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান বা দলীয় কার্যালয় নয়াপল্টনের যেকোনও একটি অনুমোদনের জন্য ঢাকা মেট্রো পলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চাওয়া হয়। তবে পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি পাওয়া যায়নি।
'সরকার বিএনপির প্রতি অগণতান্ত্রিক আচরণ করছে'
বিএনপিকে সমাবেশের অনুমতি না দেওয়া প্রসঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সুশাসনের জন্য নাগরিক বা সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান রেডিও তেহরানকে বলেন, সরকার বিএনপি’র প্রতি অগণতান্ত্রিক আচরণ করছে। সরকার শতভাগ অগণতান্ত্রিক হয়ে পড়েছে। এটা কোনোরকম উসকানি কিনা তা জানি না তবে, এমন আচরণ চলতে থাকলে রাজনৈতিক পরিস্থিতি সহিংস পথে মোড় নিতে পারে।
অরাজকতা করলে কঠোর ব্যবস্থা: তোফায়েল
এর আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যদি কেউ আন্দোলনের নামে অরাজকতা করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কারণ মানুষের জানমালের নিরাপত্তা দেয়া আইনপ্রয়োগকারী সংস্থা ও সরকারের কর্তব্য।
মন্ত্রী গতকাল বুধবার দুপুরে নিজ নির্বাচনী জেলা ভোলায় মহান একুশে ফেরুয়ারি ও আন্তর্জাতিক ভাষা দিবেসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী অনুষ্ঠানে আরো বলেন, যারা তত্ত্বাবধায়ক সরকারের ও সহায়ক সরকারের স্বপ্ন দেখেন তারা সেই স্বপ্ন ভুলে যান। আগামী নিবার্চন অনুষ্ঠিত হবে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে। নির্বাচনের সময় সরকার দৈনন্দিন কাজ করবে। কিন্তু নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর বাইরে আর কিছু হওয়ার সম্ভাবনা নেই।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শত অত্যাচার-নির্যাতন সহ্য করে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন এবং থাকবেন। সরকারের ফাঁদে পা দেননি তারা। তাই সরকার হতাশ। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২