রোববারই খালেদা জিয়ার জামিন মঞ্জুর হবে: মওদুদের আশা
-
বক্তব্য রাখছেন ব্যারিস্টার মওদুদ আহমদ
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী রোববার জামিন পাবেন বলে আশা করছেন তার আইনজীবী ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়া মুক্তি পরিষদ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি বলেন, "খালেদা জিয়ার জামিনের জন্য আবেদন করেছি। আদালতে আগামী রোববার শুনানি হবে। আমাদের জুডিশিয়ারিতে ন্যায়বিচারের যে কাঠামো আছে, সেই কাঠামো অনুযায়ী আমি বিশ্বাস করি, ইনশাল্লাহ আগামী রোববারই বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুর হবে। আমি মনে করি, একদিনের বিলম্ব আমাদের প্লাস পয়েন্ট, একদিন বিলম্ব আওয়ামী লীগের মাইনাস পয়েন্ট।" সরকার খালেদা জিয়াকে বেশিদিন কারাগারে রাখতে নানা রকম কূটকৌশল করছে বলেও অভিযোগ করেন তিনি।
মওদুদ বলেন, একদিনের বিলম্ব আমাদের জন্য প্লাস পয়েন্ট আর সরকারের জন্য মাইনাস পয়েন্ট। খালেদা জিয়ার একদিন কারাগারে থাকা মানে, বিএনপির ১০ লাখ ভোট বাড়বে।
বিএনপির এ নেতা আরো বলেন, চেয়ারপারসন মুক্তির পর তিনি কারোর আপত্তি না শুনে জনসভা করবেন, ধানের শীষে ভোট চাইবেন। আওয়ামী লীগ যদি নৌকা প্রতীকে ভোট চাইতে পারে, তাহলে বিএনপিও ধানের শীষে ভোট চাইতে পারবে। যদি বিএনপিকে মিছিল-সমাবেশের সুযোগ না দেয়, তাহলে বুঝব তারা আগামী নির্বাচনে বিএনপিকে চায় না। এ সময়, নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনাও করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
আওয়ামী লীগ অখুশি: নজরুল
এদিকে, খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ও কারাবন্দি হওয়ার ঘটনায় বিএনপি ভাঙচুরের আন্দোলনে না যাওয়ায় আওয়ামী লীগ অখুশি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান।
আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের মুক্তি দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।
শান্তিপূর্ণ আন্দোলন করা মানে দুর্বলতা নয়, এমন মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ চেয়েছে, বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ঢিল ছুড়ে গাড়ির কাঁচ ভাঙুক। তারপর তারা আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে তার দায় চাপাতো বিএনপির উপর। সে সুযোগ না পাওয়ার আওয়ামী লীগ অসন্তুষ্ট।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৩