দেশ এখন দুর্বিনীত দুঃশাসনের করাল গ্রাসে: মির্জা ফখরুল
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ বিনা উস্কানিতে বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ চালিয়ে প্রমাণ করল যে, দেশ এখন দুর্বিনীত দুঃশাসনের করাল গ্রাসে। গণতন্ত্রের শেষ নিশানাকে নিশ্চিহ্ন করার জন্যই সরকার অগণতান্ত্রিক ও দমনমূলক পন্থা অবলম্বন করছে।
আজ (শনিবার) সকালে পুলিশি বাধায় বিএনপির পূর্ব ঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পণ্ড হওয়ার পর দলীয় কার্যালয়ে আয়োজিত এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে দলীয় কার্যালয়ে একত্রিত হয়েছি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে। পুলিশ আমাদের অফিসকে লক্ষ্য করে টিয়ারশেল ছুঁড়লে কার্যালয়ের ভেতর এক দম বন্ধ করা হিটলারের গ্যাস চেম্বারের মতো বীভৎস পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, "সরকার নির্যাতন চালিয়ে দেশে আবারও একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। এ কারণেই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ চালানো হচ্ছে। অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ না করলে পরবর্তী যেকোনো পরিস্থিতির জন্য সরকারকেই এর দায়ভার নিতে হবে।"
মির্জা ফখরুল আরো বলেন, "সরকার শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেয়ার কথা বলেছে, কিন্তু কালো পতাকা প্রদর্শনের মতো কর্মসূচিতে আক্রমণ চালিয়ে তারা প্রমাণ করেছে তারা যে. গণতন্ত্রের কথা বলে তা মুনাফেকি গণতন্ত্র।"
তিনি বলেন, "আইনের শাসন ও আওয়ামী লীগ একসাথে চলতে পারে না। তাই গণতন্ত্রের দাবিতে বিরোধী দলের আওয়াজ শুনলেই উত্তেজিত বাতিকগ্রস্তদের ন্যায় আদিম উল্লাসে সরকারী বাহিনী গণতান্ত্রিক শক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে।"
অনুমতি না থাকায় কর্মসূচি পালন করতে দেয়া হয়নি পুলিশের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, "সব কর্মসূচির অনুমতি নিতে হবে কেন? ফুটপাতে দাঁড়িয়ে কালো পতাকা প্রদর্শন করতে পারবে না কেন? এটা তো আমার মৌলিক অধিকার। তাহলে কি ঘরের মধ্যে কথা বলতেও পুলিশের অনুমতি লাগবে?"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এই সংবাদ সম্মেলন শেষে দলীয় কাযালয় থেকে বের হওয়ার সময়ই আটক হন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। কী কারণে বা কোন অভিযোগে বিএনপির এই নেতাকে আটক করা হয়েছে সে সম্পর্কে পুলিশ কিছু জানায় নি।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪