সরকার উসকানি দিচ্ছে- বিএনপি : শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছি না- স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে পরিস্থিতি সংঘাতপূর্ণ করতে উসকানি দিচ্ছে। আজ (শনিবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেছেন।
বিএনপির মহাসচিব বলেন, আজকেও দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়ে অসংখ্য নেতা-কর্মীকে আহত ও আটক করেছে। তাদের সমাবেশ পণ্ড করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কার্যালয়ের ভেতরে-বাইরে টিয়ারসেল ও জলকামানের রঙিন পানি নিক্ষেপ করে। এ সময় পুরুষ পুলিশ কার্যালয়ের ভেতরে ঢুকে মহিলা নেতা-কর্মীদের টেনে হিচড়ে নিয়ে যায়। এভাবে বিনা উসকানিতে একটি ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করা হয়। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ বেশ কিছু নেতা-কর্মীকে আটক করা হয়।
মির্জা ফখরুল বলেন, সরকার শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেয়ার কথা বললেও কালো পতাকা প্রদর্শনের মতো নিরাপদ কর্মসূচিকে আক্রমণ করে প্রমাণ করেছে যে, তারা মুনাফেকি গণতন্ত্র চর্চা করছে।
সরকারের অগণতান্ত্রিক আচরণ নিন্দনীয়: প্রিন্স
এ প্রসঙ্গে সিপিবি কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স রেডিও তেহরানকে বলেন, প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রতি সরকারের এহেন অগণতান্ত্রিক আচরণ অবশ্যই নিন্দনীয়। এতে সরকারের স্বৈরাচারি মনোভাবই ক্রমশ: জনগণের কাছে প্রকাশ পাচ্ছে।
শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি আবারও বলেছেন, বিএনপির কোনো শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আমরা কখনো বাধা দিচ্ছি না। কিন্তু যদি কেউ কর্মসূচির নামে জনগণের মাত্রাতিরিক্ত দুর্ভোগ বাড়িয়ে দেয় তখনই আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী যে কাজটি করার দরকার সে কাজটি করে থাকে।
শনিবার দুপুরে মন্ত্রী কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
ঢাকায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির পূর্ব ঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের বাধা দেয়ার বিষয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, জনগণের দুর্ভোগ থেকে ঢাকার ওই এলাকাটি রক্ষা করার দরকার ছিল, তাই পুলিশ সেই কাজটি করেছে।
বিএনপির নতুন কর্মসূচি
এদিকে, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে সোমবার প্রতিবাদ মিছিল করবে বিএনপি।
শনিবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করে বলেন, সোমবার ঢাকা মহানগরের থানায় থানায় এবং সারা দেশে জেলা ও মহানগরী প্রতিবাদ কর্মসূচি এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৪