নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করব: বিএনপি মহাসচিব
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "খালেদা জিয়াকে মুক্ত করতে, মানুষের গণতান্ত্রিক ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন করতে হবে। আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করব।"
আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক অধিকার মঞ্চ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশনেত্রীকে শুধু অন্যায়ভাবে সাজা দেয়া হয়নি বরং তাঁর যে নৈতিক অধিকার জামিন পাওয়া, সেটা থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে।'
বিএনপি দুর্নীতিপরায়ণ দল- সংসদে দেয়া প্রধানমন্ত্রীর এ বক্তব্যে কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘এ কথা বলার আগে তো আয়নায় নিজের (প্রধানমন্ত্রী) মুখ দেখতে হবে। বলার আগে, মানুষ আপনাদের সম্পর্কে কি বলে, সেটা জানতে হবে।’
দেশের মানুষের ভোটের ও গণতান্ত্রিক অধিকার আদায় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘যে দানব আজ চেপে বসেছে, তাকে ঐক্যবদ্ধভাবে পরাজিত করতে হবে।’
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমরা কার কাছে খালেদা জিয়ার মুক্তি চাইব? যারা দেশের প্রধান বিচারপতিকে বন্দুকের জোরে পদত্যাগ করতে বাধ্য করে। আমরা তাই কারো কাছে বিচার চাই না। আমরা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে আনব।’
সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
লিফলেট বিতরণ কর্মসূচি
এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীসহ সারাদেশে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, চেয়ারপার্সনের মুক্তির দাবি নিয়ে সারাদেশের জনগণের কাছে যাবে বিএনপি। জনগণের কাছে এই বার্তা তুলে ধরবো যে, তিনি কোনো দুর্নীতি করেননি।
এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে বায়তুল মোকাররম, ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে মতিঝিল, আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নিউমার্কেট, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদের নেতৃত্বে মৌচাক ও মালিবাগ, বরকতউল্ল্যাহ বুলুর নেতৃত্বে জুরাইন, অ্যাডভোকেট আহমেদ আযম খানের নেতৃত্বে ধোলাইখাল, শওকত মাহমুদের নেতৃত্বে হাতিরপুল এলাকায় লিফলেট বিতরণ করার কথা জানিয়েছে বিএনপি।#
পার্সটুডে/আশরাফুর রহমান/শামস মণ্ডল/১