'জ্বি হুজুর মার্কা' নির্বাচন কমিশন গঠন করা হয়েছে: অভিযোগ ফখরুলের
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার লক্ষ্যে একটি 'জ্বি হুজুর মার্কা' নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এবারও কোনো প্রহসনের নির্বাচন আয়োজন করা হলে তা মানা হবে না।
আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জাতীয় পার্টি (কাজী জাফর) এ আলোচনা সভা আয়োজন করে।
এ আগে গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম নূরুল হুদা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবদলের অংশগ্রহণের ব্যাপারে কমিশন আলাদা করে কোনো উদ্যোগ নেবে না। রাজনৈতিক দলগুলোর সাথে যখন সংলাপ হয়েছে তখন প্রত্যেকটা দলকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে বর্তমানে কোনো গণতন্ত্র নেই, মানুষের ন্যূনতম অধিকার নেই। গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে আনতে দুর্বার আন্দোলন করতে হবে। আন্দোলন করেই গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।
সরকার জনমনে ভীতির সৃষ্টি করছে: খসরু
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর তোপখানা রেডে আয়োজিত মানববন্ধনে অভিযোগ করেছেন, সরকার অস্থিরতা সৃষ্টি করে জনমনে ভীতির সৃষ্টি করছে। এভাবে তারা ক্ষমতা দখলে রাখার পাঁয়তারা করছে।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) অয়োজিত এ সমাবেশে অমীর খসরু বলেন, জনগণ তথা বিশ্ববাসী জানে যে, খালেদা জিয়া কী কারণে জেলে; কী কারণে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে বাধা দেয়া হচ্ছে। এসবকিছুই হলো জনগণকে ভয়ভীতি দেখিয়ে দূরে রেখে ক্ষমতা দখলে রাখার ষড়যন্ত্র।
লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার দায়িত্ব ইসির: কাদের
ওদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার সকালে নারায়ণগঞ্জে দলীয় এক অনুষ্ঠানে জানিয়েছেন, আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগ-বিএনপি দু’দলই প্রস্ততি নিচ্ছে, তবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি), সরকারের নয়।
বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতারে সরকারের হাত নেই: শাজাহান
তা ছাড়া, সরকারের নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান আজ সকালে মাদারীপুর শহরে এক অনুষ্ঠানে বলেছেন, বিএনপির আন্দোলন থেকে পুলিশ যেসব নেতা-কর্মীকে গ্রেফতার করেছে, তারা প্রত্যেকেই বিভিন্ন মামলার এজাহারভূক্ত আসামী। বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতারে সরকারের কোন হাত নেই।
নৌ-পরিবহন মন্ত্রী বলেন, সরকার কখনই বিএনপির ওপর কোন হয়রানি করছে না, রাজনৈতিক উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯