খালেদা জিয়াকে মুক্ত করেই নির্বাচনে অংশ নেবে বিএনপি: নজরুল
-
নজরুল ইসলাম খান
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি- এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন মিথ্যা মামলায় কারাগারে আছেন। অনেক চেষ্টা হবে খালেদা জিয়াকে আটকে রাখার, কিন্তু সেটি সফল হবে না। ইনশাআল্লাহ তিনি বের হয়ে আসবেন। আর তার নেতৃত্বেই নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের সরকার গঠন করব।
আজ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন। বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা আয়োজন করে ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’।
তিনি আরও বলেন, বর্তমানে জনগণ কঠিন সময় পার করছে। এ থেকে মুক্ত হতে চাইলে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইলে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর সব সময় খালেদা জিয়া এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।
নজরুল ইসলাম খান বলেন, শান্তিপূর্ণ আন্দোলন আওয়ামী লীগের পছন্দ নয়। তারা চায় বিএনপি সংঘাতের রাজনীতি করবে আর তারা সুযোগ নিয়ে নেতাকর্মীদের নির্যাতন করবে। কিন্তু আমরা সরকারের ফাঁদে পা দেইনি। সেজন্য উসকানি দিচ্ছে সরকার।
বিএনপির দু দিনের কর্মসূচি
এদিকে, ছাত্রদল নেতা জাকির হেসেন মিলনকে 'রিমান্ডে নিয়ে নির্যাতন করে হত্যা'র প্রতিবাদে দু দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল (শুক্রবার) রাজধানীসহ দেশের মসজিদে মসজিদে দোয়া এবং আগামী ১৮ মার্চ সারাদেশে বুকে কালো ব্যাজ ধারণ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, মিলনের মৃত্যুর পর আমরা এখন রিমান্ডের কথা শুনলেই আতঙ্কিত হয়ে পড়ি। দলের নেতা কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হচ্ছে। রিমান্ডের নামে এ পুলিশি নির্যাতনের নিন্দা জানাচ্ছি।
সরকারের সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, নিজেদের প্রত্যাশা পূরণ না হওয়ায় খাপছাড়া কথা বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তারা মনে করেছিলেন, খালেদা জিয়া কারাগারে গেলে বিএনপি সংঘাতে যাবে। তখন আওয়ামী লীগ নিজেরা জ্বালাও-পোড়াও করে বিএনপির ওপর দমন-নিপীড়ন চালাবে। খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পরও বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দেয়ায় ওবায়দুল কাদের ঠিক থাকতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৫