মন্ত্রী-এমপিদের নির্বাচনী প্রচারে সুযোগ দেয়া সংবিধানের লঙ্ঘন: খন্দকার মোশারফ
-
ড. খন্দকার মোশাররফ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, "আমরা শুনেছি নির্বাচন কমিশন বৈঠক করেছে। তারা সংসদ সদস্যদের সিটি নির্বাচনে প্রচারের সুযোগ দিতে পারে। এটা স্পষ্টভাবে সংবিধান এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হবে। এরই মধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। কারণ দেশের যে প্রান্তেই প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিরা নৌকায় ভোট চাইলে পক্ষান্তরে সিটি নির্বাচনে নৌকায় ভোট চাওয়ার শামিল।"
আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত এক দোয়া ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, "গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে বিএনপি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে। ইসির এ বিষয়ে নাকি কোনো পরিকল্পনা নেই। ইসিকে বলতে চাই, এটা পরিকল্পনায় আনুন। অন্যথায় জনগণ নির্ভয়ে ও নিজহাতে ভোট দিতে পারবে না। আর জাতীয় নির্বাচনের আগে এ সিটি নির্বাচন আপনাদের জন্য অগ্নিপরীক্ষা।"
একাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "সামনে দু টি পথ আছে। প্রথমত নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করতে হবে। দ্বিতীয়ত, সংসদ ভেঙে দিয়ে সেই নির্বাচন করতে হবে এবং নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে। কিন্তু আওয়ামী লীগ এগুলো চাইবে না। কোন স্বৈরাচার ইচ্ছাকৃতভাবে জনগণকে এ সুযোগ দেবে না। এটা তৈরি করে নিতে হবে। এজন্য জনগণ ঐক্যবদ্ধ আছে।"
এদিকে, নির্বাচন কমিশন সরকারের নির্দেশেই স্থানীয় সরকার নির্বাচনে এমপি মন্ত্রীদের প্রচারের সুযোগ দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, "দেশের মানুষ একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চাইছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা বাংলাদেশে আসছেন, তারাও বার বার একই কথা বলে যাচ্ছেন। এসব প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশনের আলোচনায় বসার সময় হয় না। কিন্তু আওয়ামী লীগের নির্দেশে জরুরি সভা করে এমপি-মন্ত্রীদের প্রচারে অংশ নেয়ার সুযোগ দিতে যাচ্ছে।"
এ সময়, তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য ধোঁকাবাজি বলেও মন্তব্য করেন এ বিএনপি নেতা। #
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২০