কাতারের বিপক্ষে ইতিহাস গড়া জয় বাংলাদেশের, প্রধানমন্ত্রীর অভিনন্দন
-
বাংলাদেশি খেলোয়াড়দের উল্লাস
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস অনূর্ধ্ব-২৩ ফুটবলে কাতারকে পরাজিত করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার ইন্দোনেশিয়ার বেকাসির প্যাট্রিয়ট চন্দ্রভাগা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় ইনজুরি টাইমে জামাল ভূইঁয়ার করা গোলে কাতারকে ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশ এশিয়ান গেমসে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে। এই জয়ের সুবাদে বাংলাদেশ এশিয়ান গেমসের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নেয়।
প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় বিশ্বকাপ-২০২২-এর স্বাগতিক দেশ কাতারের বিরুদ্ধে ঐতিহাসিক এই বিজয়ে দলের সকল খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ ফুটবল দলের কর্মকর্তাসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদেরও অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ দলের বিজয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ গ্রুপ ‘বি’র দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করায় গ্রুপ পর্বে রানার্সআপ হয়েছে। এর আগে অবশ্য প্রথম ম্যাচে উজবিকিস্তানের কাছে তিন গোলে হেরেছিল তারা।
এদিকে, দিনের আরেক ম্যাচে উজবেকিস্তান ১-০ গোলে থাইল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তিন ম্যাচে ৯ পয়েন্ট তাদের। থাইল্যান্ড তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয়, আর কাতার পেয়েছে কেবল ১ পয়েন্ট।
পার্সটুডে/আশরাফুর রহমান/২০