আওয়ামী লীগের রাজনীতি জনকল্যাণের জন্য, ভোটের জন্য নয়: শেখ হাসিনা
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর দল জনগণের কল্যাণের জন্যই রাজনীতি করে, ভোটের জন্য নয়। ভোট দেওয়া– না দেওয়া জনগণের অধিকার।
আজ (বুধবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট এবং গোপালগঞ্জের পার্শ্ববর্তী আট জেলার ২০ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের রাজনীতি জনকল্যাণের জন্য, ক্ষমতা আমাদের কাছে কোনো ভোগের বস্তু নয়, এটা আমাদের দায়িত্ব। জাতির পিতা সে শিক্ষাই দিয়েছেন।’
শেখ হাসিনা বলেন, ‘জনসেবা করব, জনগণকে একটু সুখ–শান্তি দেব, তাদের রোগে চিকিৎসা দেব, তাদের একটু উন্নত জীবন দেব, তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব—এটা তো রাজনৈতিক নেতা হিসেবে আমাদের অঙ্গীকার।’
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় অন্ধত্ব নিবারণ কর্মসূচির আওতায় গ্রাম–বাংলার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গোপালগঞ্জে এই চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট এবং ২০ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হচ্ছে। অরবিন্দ আই কেয়ার সিস্টেম ভারত থেকে সরবরাহকৃত আধুনিক সফটওয়্যারের মাধ্যমে কমিউনিটি ভিশন সেন্টারগুলোয় চক্ষু চিকিৎসা পাবে জনগণ।
যে ২০ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার স্থাপিত হচ্ছে, সেগুলো হলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালিপাড়া, কাশিয়ানী এবং মকসুদপুর, বাগেরহাটের ফকিরহাট,মোল্লারহাট, চিতলমারি, রামপাল, নড়াইলের লোহাগড়া, কালিয়া, ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর, আলফাডাঙ্গা, বোয়ালমারী, খুলনার রূপসা, দিঘলিয়া, তেরখাদা, মাদারীপুরের রাজৈর, পিরোজপুরের নাজিরপুর ও রাজবাড়ীর গোয়ালন্দ।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী অনুষ্ঠানে বক্তব্য দেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৯
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন