তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়েও হেরে গেল বাংলাদেশ, ভারত আবার চ্যাম্পিয়ন
https://parstoday.ir/bn/news/bangladesh-i64640-তীব্র_প্রতিদ্বন্দ্বিতা_গড়েও_হেরে_গেল_বাংলাদেশ_ভারত_আবার_চ্যাম্পিয়ন
এশিয়া কাপের ফাইনাল ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়েও হেরে গেল বাংলাদেশ। এর আগে দুইবার পাকিস্তান ও ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তৃতীয় ফাইনালে ভারতের মুখোমুখি হলেও স্বপ্নভঙ্গের হতাশা নিয়েই মাঠ ছাড়েন মাশরাফি বিন মুর্তজার দল। অন্যদিকে ভারত সপ্তমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ২৩:১৩ Asia/Dhaka
  • ট্রফি হাতে ভারতীয় দল
    ট্রফি হাতে ভারতীয় দল

এশিয়া কাপের ফাইনাল ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়েও হেরে গেল বাংলাদেশ। এর আগে দুইবার পাকিস্তান ও ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তৃতীয় ফাইনালে ভারতের মুখোমুখি হলেও স্বপ্নভঙ্গের হতাশা নিয়েই মাঠ ছাড়েন মাশরাফি বিন মুর্তজার দল। অন্যদিকে ভারত সপ্তমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল।

শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের করা ২২২ রানের জবাবে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছাতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। নানা চড়াই উতরাই পার হয়ে শেষ বলে সাফল্যের চূড়ায় পৌঁছায় ধোনিরা। 

মাহমুদুল্লাহর করা শেষ ওভারে ভারতের দরকার ছিল ৬ রান। প্রথম পাঁচ বলে ৫ রান তুলে নিলে, শেষ বলে ১ রানের সমীকরণ দাঁড়ায়। শেষ বলটি কেদার যাদবের প্যাডে লাগলে ১ রান নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কেদার যাদব ও কুলদীপ যাদব। 

এর আগে, বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই ভারতের ইনিংসে ধাক্কা লাগে। শিখর ধাওয়ান (১৫) ও আম্বাতি রাইডু (২) দ্রুত ফিরে যান সাজঘরে। পরে অবশ্য রোহিত শর্মার দৃঢ়তায় শুরুর ধাক্কা সামলায় তারা। ভারতীয় অধিনায়ক ৫৫ বলে ৪৮ রান করে আউট হন পেসার রুবেল হোসেনের বলে। এর পর মহেন্দ্র সিং ধোনি ৩৬, দিনেশ কার্তিক ৩৭, কেদার যাদব ২৩, রবিন্দ্র জাদেজা ২৩ ও ভুবনেশ্বর কুমার ২১ রান করেন।

দুই পেসার মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসরাম অপু ও মাহমুদউল্লাহ।

এর আগে লিটন দাসের অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ গড়েছিল ২২২ রান। উদ্বোধনীতে তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের পথ দেখালেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। দলের ইনিংস খুব একটা বড় না হলেও লিটন দাসের সঙ্গে উদ্বোধনীতে দারুণ একটি পার্টনারশিপ গড়েন মিরাজ। দুজনে মিলে করেন ১২০ রানের জুটি।

আশাভঙ্গ বাংলাদেশের

এর পর মিরাজ ৩৬ রানের একটা ইনিংস খেলে সাজঘরে ফিরেন। জাতীয় দলের হয়ে এবারই প্রথম উদ্বোধনীতে নেমে যথেষ্টই ভালো একটি ইনিংস খেলেন তিনি।

অবশ্য এর পরই বাংলাদেশের ইনিংসে ধস নামে, দ্রুত সাজঘরে ফিরেন ইমরুল কায়েস (২), মুশফিকুর রহিম (৫) ও মোহাম্মদ মিঠুন (২)।

তবে এক পাশ আগলে রেখেছিলেন লিটন, পরে তিনি ১১৭ বলে ১২১ রান করে আম্পায়ারের এক বিতর্কিত সিদ্ধান্তে আউট হন। তাঁর এই ইনিংসে ১২টি চার ও দুটি ছক্কার মার ছিল।

ম্যান অব দ্য ম্যাচ লিটন দাস

পরে মাহমুদউল্লাহ (৪) ও মাশরাফি (৭) দ্রুত ফিরে যান। শেষ দিকে নেমে সৌম্য সরকার ৪৫ বলে ৩৩ রান কিছুটা চেষ্টা করলেও, দলের সংগ্রহটা খুব একটা বড় করতে পারেননি।

কুলদীপ যাদব ৪৫ রানে তিনটি এবং কেদার যাদব ৪১ রানে দুই উইকেট নিয়ে বাংলাদেশের বড় সংগ্রহের পথে বাধা হয়ে দাঁড়ান।

আজকের খেলায় সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন লিটন দাস। টুর্নামেন্ট সেরা হয়েছেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন