বিতর্কিত সিদ্ধান্তে আমরা ক্রিকেটে হেরে গেলাম: কাদের
-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে সবার মন খারাপ। কারণ, বিতর্কিত সিদ্ধান্তে আমরা ক্রিকেটে হেরে গেলাম। কিন্তু আমরা হারিনি, হারব না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরে এক আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক ক্রীড়ামন্ত্রী ওবায়দুল কাদের। দুবাইয়ে গতকাল এশিয়া কাপের ফাইনালে ৩ উইকেটে হেরে আরও একবার চূড়ান্ত হারের যন্ত্রণা পোহাতে হয়েছে বাংলাদেশকে। ভারত টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয়। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৮.৩ ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২২ রান। জবাবে ৫০ ওভার খেলে ৩ উইকেটে জিতে যায় ভারত।
এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের পরাজয়ের বিষয়ে আওয়ামী লীগ সম্পাদক আরও বলেন, বাংলাদেশের টাইগাররা চোট খেয়েছে। কিন্তু এশিয়া কাপের ফাইনালে শেষ মুহূর্ত পর্যন্ত তারা ভারতের সঙ্গে লড়াই করেছে। শেষ বল পর্যন্ত ঘাম ঝরিয়ে কয়েকবারের চ্যাম্পিয়ন ভারতকে বিজয় দেখতে হয়েছে। দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকে কোনোভাবেই যখন ভারতীয় বোলাররা পরাস্ত করতে পারছিল না। চার-ছক্কার ফুলঝুরিতে সেঞ্চুরি করা লিটন দাসের ওপর তখন বিতর্কিত এক সিদ্ধান্তের খড়্গ নেমে আসে।
৪১তম ওভারের শেষ বলে (কুলদীপ যাদবের) এগিয়ে মারতে চেয়েছিলেন লিটন। রিপ্লেতে দেখা গেছে, প্রথম পর্যায়ে পা ঠিক না থাকলেও ধোনি বল স্ট্যাম্পিং করার আগে নিরাপদে পা ছিল লিটন দাসের। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার লিটন দাসকে আউট ঘোষণা করেন। #
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২৯
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন