নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা, প্রধানমন্ত্রীর অভিনন্দন
https://parstoday.ir/bn/news/bangladesh-i64860-নেপালকে_হারিয়ে_সাফ_চ্যাম্পিয়ন_বাংলাদেশের_মেয়েরা_প্রধানমন্ত্রীর_অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এ জয়ে বাংলাদেশের  মেয়েদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
অক্টোবর ০৮, ২০১৮ ০০:০৯ Asia/Dhaka
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা, প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এ জয়ে বাংলাদেশের  মেয়েদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (রোববার) ভুটানের থিম্পু স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী এই ম্যাচে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের দল। শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের মাত্র ৩ মিনিটেই প্রথম ফ্রি কিক আসে বাংলাদেশের পক্ষে। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে দেয়নি নেপালের ডিফেন্ডাররা।

একই মিনিটে নেপাল প্রথম সুযোগ পায় গোলের কিন্তু বাংলাদেশের গোলরক্ষকের দক্ষতায় তা সম্ভব হয়নি। সপ্তম মিনিটে সুযোগ আসে বাংলাদেশেরও। বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমার গোল কিকে সারাসরি বল পান কৃষ্ণা, তিনি নেপাল গোলরক্ষক অঞ্জনা রানা মাগারের মাথার উপর দিয়ে তুলে দিলেই গোল হতো, অথচ তিনি গোলপোস্টের ওপর দিয়ে বল বাইরে পাঠিয়ে দেন।

প্রথমার্ধে কোনো দলই গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। ৪৯ মিনিটে মাঝ মাঠ থেকে মিশরাত জাহান মৌসুমীর লম্বা ফ্রি কিকে চমৎকার হেডে বল জালে জড়ান মাসুরা পারভীন। এরপরও সুযোগ পায় বাংলাদেশ কিন্তু গোলের দেখা আর পায়নি কৃষ্ণা-সানজিদারা। তাই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে, গ্রুপ পর্বের দেখায় এই নেপালকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আসরে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ, পাকিস্তানকে ১৭-০ গোলে বিধ্বস্ত করে। আর সেমিতে স্বাগতিক ভুটানকে হারিয়েছিল ৪-০ গোলে। টুর্নামেন্টে ৮ গোল নিয়ে প্রতিযোগিতা সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশের স্বপ্না।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন