তামিম-সৌম্যের ব্যাটিং দৃঢ়তায় সিরিজ জিতল বাংলাদেশ, ম্যাচসেরা মিরাজ
https://parstoday.ir/bn/news/bangladesh-i66580-তামিম_সৌম্যের_ব্যাটিং_দৃঢ়তায়_সিরিজ_জিতল_বাংলাদেশ_ম্যাচসেরা_মিরাজ
ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে পরাজিত করে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। এর মাধ্যমে টেস্টের পর ওয়ানডে সিরিজও নিজেদের করে নিল স্বাগতিকরা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৮ ১৬:২৯ Asia/Dhaka
  • তামিম-সৌম্যের ব্যাটিং দৃঢ়তায় সিরিজ জিতল বাংলাদেশ, ম্যাচসেরা মিরাজ

ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে পরাজিত করে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। এর মাধ্যমে টেস্টের পর ওয়ানডে সিরিজও নিজেদের করে নিল স্বাগতিকরা।

আজ (শুক্রবার) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সৌম্য সরকার ও তামিম ইকবালের অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় তৃতীয় ওয়ানডেতে সহজ জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে ১৩১ রানের চমৎকার একটি জুটি গড়ে দলকে একেবারে জয়ের দুয়ারে পৌঁছে দেন। সৌম্য ৮০ রান করেন ৮১ বল খরচায়। যাতে পাঁচটি চার ও পাঁচটি ছক্কার মার রয়েছে। আর তামিম ৮১ রান করে অপরাজিত থাকেন। তিনি ইনিংসটি সাজিয়েছেন  নয়টি চারের মার দিয়ে। বাকি কাজটা মুশফিকুর রহিমকে নিয়েই সেরে ফেলেন তামিম।

এর আগে বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ের সামনে বেশ  নাকাল অবস্থায় পড়তে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের। তবে এক পাশ আগলে রাখেন দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক শাই হোপ। আজ তিনি খেলেছেন ১০৮ রানের চমৎকার একটি ইনিংস। তা না হলে এই ১৯৮ রান গড়া  অসম্ভবই ছিল সফরকারী দলের পক্ষে।

তামিম ও সৌম্য'র ১৩১ রানের জুটিতে বাংলাদেশে সহজ জয়

প্রথমে চন্দ্রপল হেমরাজ মাত্র ৯ রান করে সাজঘরে ফিরেন। আর ড্যারেন ব্রাভো ১০ রান করে আউট হন। এর পর শিমরন হেটমায়ার (০), মারলন স্যামুয়েলস (১৯) ও  রভম্যান পাওয়েল (১) দ্রুত সাজঘরে ফিরলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ধস নামে।

এর পর ফ্যাবিয়ান অ্যালেন (৬) এবং কিমো পল (১২) ও কেমার রোচও (৩) দ্রুত সাজঘরের পথ ধরেন।

ম্যান অব দ্য সিরিজ পুরস্কার পেয়েছেন শাই হোপ

মেহেদী হাসান মিরাজ ১০ ওভার বল করে ২৯ রান দিয়ে চার উইকেট তুলে নেন।  এ ছাড়া সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা দুটি করে উইকেট নেন। আর সাইফউদ্দিন পান একটি উইকেট।

ক্যারিয়ার সেরা বোলিং করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মিরাজ। আর পর পর দুই ম্যাচে সেঞ্চুরি করে ম্যান অব দ্য সিরিজ পুরস্কার পেয়েছেন শাই হোপ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন