ত্রিদেশীয় সিরিজ: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়
https://parstoday.ir/bn/news/bangladesh-i70190-ত্রিদেশীয়_সিরিজ_ওয়েস্ট_ইন্ডিজের_বিপক্ষে_বাংলাদেশের_দাপুটে_জয়
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) ডাবলিনে অনুষ্ঠিত এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬১ রান সংগ্রহ করে। ২৬২ রানের লক্ষ্য ৩০ বল বাকি থাকতে পেরিয়ে যায় লাল-সবুজের দল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০৭, ২০১৯ ১৯:২৩ Asia/Dhaka
  • ত্রিদেশীয় সিরিজ: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) ডাবলিনে অনুষ্ঠিত এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬১ রান সংগ্রহ করে। ২৬২ রানের লক্ষ্য ৩০ বল বাকি থাকতে পেরিয়ে যায় লাল-সবুজের দল।

তামিম ইকবালের সঙ্গে শতরানের জুটিতে দলকে ভালো শুরু এনে দেন সৌম্য সরকার। আক্রমণাত্মক ব্যাটিংয়ে তুলে নেন ফিফটি। দলীয় ১৪৪ রানের মাথায় দুর্দান্ত খেলা সৌম্য সাজঘরে ফিরে যান রোস্টন চেইসের শিকার হয়ে। ৬৮ বলে নয় চার ও এক ছক্কায় ৭৩ রান করে ফিরে যান সৌম্য।  অল্প কিছুক্ষণ পর তামিমও প্যাভিলিয়নে ফিরেন। ফেরার আগে দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮০ রানের চমৎকার এক ইনিংস খেলেন তিনি। সাতটি চারের মার ছিল তাঁর এই ইনিংসে। বাকিটা সহজে সারেন দুই ব্যাটিং ভরসা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব ৬১ বলে ৬১ রান এবং মুশফিক ৩২ রান করে অপরাজিত থাকেন।  

সাকিব-তামিম

এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে করে ২৬১ রান। ওপেনার আমব্রিস ৩৮ রান করে মিরাজের শিকার হয়ে প্রথম সাজঘরে ফিরেন। এর পর ড্যারেন ব্রাভো আউট হন ব্যক্তিগত ১ রানের মাথায় সাকিব আল হাসানের বলে। কিন্তু একপাশ আগেলে রাখেন শাই হোপ। আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭০ রানের চমৎকার ইনিংস খেলা এই ডানহাতি ব্যাটসম্যান মাশরাফির শিকার হয়ে ফেরার আগে ১০৯ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। আর রোস্টন চেইসকে ৫১ রানের মাথায় আউট করেন বাংলাদেশ অধিনায়ক। এর পরই পুরো ম্যাচের চিত্র পাল্টে যায়।  অন্যরা আসা-যাওয়া ব্যস্ত থাকায় খুব বেশি দূর এগুতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। 

সেঞ্চুরির সুবাদে ম্যান সেরার পুরস্কার জেতেন শাই হোপ

শেষ পর্যন্ত ১০ ওভারে ৪৯ রান দিয়ে তিন উইকেট তুলে নেন তিনি। সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান দুটি এবং সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নিয়ে অধিনায়ককে যোগ্য সহায়তা দেন।  

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আয়ারল্যান্ডকে ১৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেই হোপ ও জন ক্যাম্পবেল গড়েন উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। অন্যদিকে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে হেরেছে আয়ারল্যান্ড ‘এ’ দলের কাছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সঙ্গে নিজেদের সেরা কম্বিনেশন ঠিক করে নেয়ার লক্ষ্য নিয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দেয়নি মাশরাফির দল।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৭