আওয়ামী লীগ এমপি লিটন হত্যা: সাবেক এমপি আব্দুল কাদেরের যাবজ্জীবন
https://parstoday.ir/bn/news/bangladesh-i71123-আওয়ামী_লীগ_এমপি_লিটন_হত্যা_সাবেক_এমপি_আব্দুল_কাদেরের_যাবজ্জীবন
গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় ওই আসনের সাবেক এমপি জাতীয় পার্টির আব্দুল কাদের খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ১১, ২০১৯ ১৩:০৯ Asia/Dhaka
  • আব্দুল কাদের খান
    আব্দুল কাদের খান

গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় ওই আসনের সাবেক এমপি জাতীয় পার্টির আব্দুল কাদের খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গাইবান্ধার বিশেষ জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আজ (মঙ্গলবার) এ রায় দেন। এছাড়াও এ মামলায় পৃথক এক ধারায় তাকে আরো ১৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শফিকুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র রাখায় আব্দুল কাদের খানকে যাবজ্জীবন ও অবৈধ গোলাবারুদ মজুদ রাখায় ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে, মামলার সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক, শুনানিসহ সব কার্যক্রম শেষে গত ৩০ মে আদালত তার রায় ঘোষণার জন্য আজকের দিনটি নির্ধারণ করে রেখেছিল।

মঞ্জুরুল ইসলাম লিটন 

উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর লিটনকে তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৪-৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

ঘটনার প্রায় দুই মাস পর বগুড়া থেকে কাদেরকে গ্রেফতার করা হয়। এরপর কয়েক দফা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

প্রথম রিমান্ডে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে লিটন হত্যার দায় স্বীকার করেন কাদের।

এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় তিনটি অস্ত্র ব্যবহার হয়। এর মধ্যে একটি অস্ত্র কাদের খান নিজে থানায় জমা দিয়েছেন। দ্বিতীয় অস্ত্রটি আব্দুল কাদের খানের গ্রামের বাড়ি ছাপরহাটি থেকে উদ্ধার করা হয়।

মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৫ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে লিটন হত্যা মামলায় সাবেক এমপি (অব.) কর্নেল ডা: আব্দুল কাদের খানকে প্রধান অভিযুক্ত করা হয়। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১