বঙ্গবন্ধু হত্যাকারীদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: আইনমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i72847-বঙ্গবন্ধু_হত্যাকারীদের_ফিরিয়ে_এনে_রায়_কার্যকর_করা_হবে_আইনমন্ত্রী
১৬ আগস্ট : বিদেশে পলাতক বঙ্গবন্ধু হত্যাকারীদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক লড়াই চলছে। তারা যে যেখানেই থাকুক, সেখান থেকে ফিরিয়ে এনে তাদের রায় কার্যকর করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৬, ২০১৯ ১২:৩৯ Asia/Dhaka
  • বঙ্গবন্ধু হত্যাকারীদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: আইনমন্ত্রী

১৬ আগস্ট : বিদেশে পলাতক বঙ্গবন্ধু হত্যাকারীদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক লড়াই চলছে। তারা যে যেখানেই থাকুক, সেখান থেকে ফিরিয়ে এনে তাদের রায় কার্যকর করা হবে।

আজ (শুক্রবার) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন আইনমন্ত্রী। সভা শেষে ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী দুইজন কোথায় আছে আমরা জানি। একজন কানাডা আর একজন আমেরিকায় আছে। বাকি ৪ জনের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনিকে অচিরেই ফিরিয়ে আনা হবে। কানাডায় অবস্থানরত খুনিকে ফিরিয়ে আনতেও কাজ চলছে।

দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, তাদের মূলোৎপাটন করা হবে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছরে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে মিনি পাকিস্তান তৈরির প্রচেষ্টা করেছিল। প্রায় তৈরি করেও ফেলেছিল। এই প্রচেষ্টা বাংলার জনগণ রুখে দিয়েছিল। আবার যদি বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করা হয়, গণতন্ত্র ব্যাহত করার চেষ্টা করা হয়, তাহলে আইনগতভাবে উচিত শিক্ষা দেয়া হবে।

আইনমন্ত্রী আর বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। যা আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের বুকে প্রমাণ হয়েছে।

এ সময়, ১৫ আগস্ট থেকে সরে এসে ১৬ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের জন্য বিএনপি নেতাদের সমালোচনা করেন তিনি। আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার জন্মদিন প্রত্যেক দিন বদলায়। আজকে যদি জন্মদিন পালন করে তাহলে ৭৫তম হবে না, হবে প্রথম জন্মদিন। এরপরে আরো কত যে জন্মদিন আসবে তা আল্লাহ ভালো জানে।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন শোকসভায় সভাপতিত্ব করেন। এ সময়, আইন সচিব গোলাম সারোয়ার ভুইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/শামস মন্ডল/বাবুল আখতার/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।