নাইকো দুর্নীতি: খালেদা জিয়া অসুস্থ, অভিযোগ গঠনের শুনানি পেছাল
https://parstoday.ir/bn/news/bangladesh-i73144-নাইকো_দুর্নীতি_খালেদা_জিয়া_অসুস্থ_অভিযোগ_গঠনের_শুনানি_পেছাল
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ আর এক দফা পিছিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২৭, ২০১৯ ১৩:০৪ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ আর এক দফা পিছিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত।

আজ (মঙ্গলবার) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করত ব্যর্থ হয়ছে কারা কর্তৃপক্ষ।

এদিন খালেদা জিয়ার পক্ষে মাসুদ আহম্মেদ তালুকদার, জিয়া উদ্দিন জিয়া প্রমুখ আইনজীবীরা চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে চার্জ গঠনের শুনানির জন্য ২৩ সেপ্টেম্বর দিন ঠিক করেন।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।#

 

পার্সটুডে/এমএএইচ/এআর/২৭