খালেদা জিয়ার দ্বিতীয় দফার জামিন আবেদনও ফেরত দিল হাইকোর্ট
-
বাংলাদেশ হাইকোর্ট
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় জামিন চেয়ে দ্বিতীয় দফার আবেদনটিও ফেরত দিয়েছে হাইকোর্ট।
আজ (বুধবার) বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এএসএম আবদুল মোবিনের হাইকোর্ট বেঞ্চ শুনানি করতে অপারগতা প্রকাশ করে আবেদনটি ফেরত দেন। একইসঙ্গে সিনিয়র বিচারপতির নেতৃত্বাধীন কোনো বেঞ্চে আবেদনটি উত্থাপনের জন্য খালেদা জিয়ার আইনজীবীদের পরামর্শ দিয়েছেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
এর আগে গত ৩১ জুলাই এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনটি বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। পরে গত ৩ সেপ্টেম্বর আবারও জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।
খুরশীদ আলম খান জানান, ইতিপূর্বে যে বেঞ্চ জামিন আবেদনটি খারিজ করেন, সেই বেঞ্চ বর্তমান বেঞ্চের চেয়েও জ্যেষ্ঠ বিচারপতির নেতৃত্বাধীন ছিল। এ কারণে বর্তমান বেঞ্চ খালেদা জিয়ার আইনজীবীদের আরও সিনিয়র কোন বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে যাওয়ার পরামর্শ দিয়ে জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে সাত বছর কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ড রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক। বিচারিক আদালতের দেওয়া এ সাজা বাতিল ও খালাস চেয়ে ১৮ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন খালেদা জিয়া।
চলতি বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট খালেদা জিয়ার সে আপিল শুনানির জন্য গ্রহণ করে। একই সঙ্গে মামলায় খালেদা জিয়াকে বিচারিক আদালতে দেওয়া জরিমানার আদেশ স্থগিত করে বিচারিক আদালতে থাকা মামলাটির নথি তলব করে হাইকোর্ট। দুই মাসের মধ্যে নথি পাঠাতে বলা হয়। বিচারিক আদালত থেকে মামলার নথি ২০ জুন হাইকোর্টে পাঠানো হয়।
এরপর খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়টি আদালতে তুলে ধরেন তার আইনজীবীরা। পরে শুনানি নিয়ে গত ৩১ জুলাই খালেদা জিয়ার জামিন আবেদনটি সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। আজ দ্বিতীয় দফার জামিন আবেদনটিও ফেরত দিয়েছে হাইকোর্টের আর একটি বেঞ্চ।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন