‘খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়নি, তার পরিবারের অভিযোগ সঠিক নয়’
-
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সংবাদ সম্মেলনে চিকিৎসকরা
বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তার পরিবারের সদস্যদের অভিযোগ অস্বীকার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।
আজ (সোমবার) দুপুরে বিএসএমএমইউতে সাংবাদিকদের ব্রিফকালে তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, কোনোভাবেই তার স্বাস্থ্যের অবনতি হয়নি। তার পরিবারের অভিযোগ সঠিক নয়।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ডা. জিলন মিয়া সরকার বলেন, ‘জীবন আল্লাহর দান, আল্লাহই রক্ষা করবেন। আমাদের কোনো ধরনের ত্রুটি নেই।’
তিনি আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার ব্যাপারে আমাদের বিন্দুমাত্র কার্পণ্যতা নেই। চরম পর্যায়ের সতর্কতা নেওয়া হয়। তিনি যেভাবে চান সেভাবেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনিও সন্তুষ্ট বলে মনে করি। কারণ তিনি একজন সিনিয়র সিটিজেন। সাবেক প্রধানমন্ত্রী তো অনেক বড় ব্যাপার।’
এর আগে শুক্রবার বিকেলে বিএসএমএমইউতে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তার বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আমরা বিদেশে পাঠাতে চাই। তিনি উঠতে পারেন না, বসতে পারেন না, নিজের হাতে তুলেও খেতে পারেন না। এ অবস্থায় তার উন্নত চিকিৎসা দরকার। যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হচ্ছে না। সরকারের কাছে জামিনের জন্য অনুরোধ জানাচ্ছি।’
গত বছরের ৮ ফেব্রুয়ারির থেকে কারাবন্দি আছেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য এপ্রিলের ১ তারিখে বিএসএমএমইউ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
বিএনপি’র পক্ষ থেকেও বেগম জিয়ার স্বাস্থ্যের চরম অবনতির কথা জানিয়ে অভিযোগ করা হয়েছে সরকার বেগম জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে কারাগারে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
তবে আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়েছে, বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা বলে বিএনপি রাজনৈতিক ফায়দা আদায়ের চেষ্টা করছে। বেগম জিয়ার জামিনে মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারে। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।