মানবিক কারণে খালেদার মুক্তি দাবি বিএনপির, 'প্যারোল বিবেচনা করবে সরকার'
-
সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মানবিক কারণে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ (শনিবার) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সাব্কে প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাঁকেও দুই বছর সাত দিন কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ, আমরা তাঁর মুক্তির মাধ্যমে সুচিকিৎসার দাবি জানিয়েছি। কিন্তু সরকার কোনো সহযোগিতা করেনি। আমরা আবারও বলছি, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তাঁকে মুক্তি দিন।’
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের ঘোষিত কর্মসূচি ছিল বিক্ষোভ মিছিল। সেই কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। সকাল থেকেই এই অঞ্চলে আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। আমাদের কার্যালয়ে নেতা-কর্মীদের প্রবেশে বাধা দিয়েছে। সরকার মনে করেছে এভাবে গ্রেপ্তার করে, নির্যাতন-নিপীড়ন চালিয়ে, গুম করে জনগণের প্রাণের দাবি খালেদা জিয়ার মুক্তির দাবিকে তারা দমিয়ে রাখবে। কিন্তু ইতিহাস প্রমাণ করে এভাবে দমননীতি দিয়ে জনগণের ন্যায্য দাবিকে কখনো দমন করা যায় না।'
এর আগে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আজ (শনিবার) সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে পুলিশ। দুপুর ২টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত যাওয়ার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে পুলিশ বলছে, এ কর্মসূচি পালনের কোনো রকম অনুমতি নেই। যাতে রাস্তায় যানজট কিংবা কোনো বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হয়, সে জন্যই তারা এখানে অবস্থান নিয়েছেন।
এ সময় কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের সামনে দাঁড়ানোর চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এ সময় নেতাকর্মীরা কার্যালয়ের ভেতরে অবস্থান নেন। পরে বিএনপিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের অনুমতি দেয় পুলিশ।
এদিকে, সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার জামিন সরকার বাধাগ্রস্ত করছে না।
আজ (শনিবার) সকালে রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বেগম জিয়া প্যারোলে মুক্তির আবেদন করলে সরকার তা বিবেচনা করবে।
মন্ত্রী বলেন, পরিবারের সদস্যরা মুক্তি চায়। তবে বিএনপির পক্ষ থেকে এ ধরণের কোনো দাবি উপস্থাপন করা হয়নি।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা দেয়ার জন্য সরকার সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তাকে কারাগারের প্রকোষ্ঠে না রেখে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।