খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট চেয়েছে হাইকোর্ট, বৃহস্পতিবার শুনানি
https://parstoday.ir/bn/news/bangladesh-i77686-খালেদা_জিয়ার_মেডিকেল_রিপোর্ট_চেয়েছে_হাইকোর্ট_বৃহস্পতিবার_শুনানি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ রেকর্ড দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী বুধবার বিকেল ৫টার মধ্যে প্রতিবেদন দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে এ নির্দেশ দেয়া হয়। প্রতিবেদন পাওয়া সাপেক্ষে বৃহস্পতিবার তার জামিন শুনানি পুনরায় শুরু হবে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ১৩:৫৯ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ রেকর্ড দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী বুধবার বিকেল ৫টার মধ্যে প্রতিবেদন দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে এ নির্দেশ দেয়া হয়। প্রতিবেদন পাওয়া সাপেক্ষে বৃহস্পতিবার তার জামিন শুনানি পুনরায় শুরু হবে।

আজ (রোববার) বিকেলে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন আবেদনের শুনানিও চলছে।

হাইকোর্টের এ বেঞ্চে আজ কার্যতালিকার এক নম্বরে ছিল খালেদা জিয়ার জামিন শুনানি। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে শুনানি পিছিলে দুপুরে নেয়া হয়। এর আগে, খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ তথ্য দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা।

আর গেল ১৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন আইনজীবী সগীর হোসেন লিয়ন। এর আগে, এ মামলায় গত বছরের ১২ ডিসেম্বর পর্যবেক্ষণসহ জামিন আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় নিম্ন আদালতে খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দী হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।