খালেদা জিয়ার মুক্তির আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i78129-খালেদা_জিয়ার_মুক্তির_আবেদন_আইন_মন্ত্রণালয়ে_পাঠানো_হয়েছে_স্বরাষ্ট্রমন্ত্রী
জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ০৯, ২০২০ ১৬:৪৭ Asia/Dhaka
  • আগারগাঁও পাসপোর্ট অফিসে হজ সেবা বুথ উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
    আগারগাঁও পাসপোর্ট অফিসে হজ সেবা বুথ উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ (সোমবার) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে হজ সেবা বুথ উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এসময় মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতা নেই খালেদা জিয়াকে মুক্তি দেয়ার। আর আইনের বাইরে গিয়ে কিছু করার ক্ষমতা মন্ত্রণালয়ের নেই। তাই তার সাময়িক মুক্তির আবেদন আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়েছে।

এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দী খালেদা জিয়ার স্বাস্থ্যের কথা উল্লেখ করে মানবিক কারণে পরিবারের পক্ষ থেকে তাঁর মুক্তি চাওয়া হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। পরিবার জানিয়েছে তাঁরা খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে চিকিৎসা করাতে চান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন খালেদা জিয়া

তবে এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এটা ঠিক বলতে পারব না, পরিবারের পক্ষ থেকে করা হলেও হতে পারে। আবেদনে সঠিকভাবে কী আছে, জানা নেই।’

সরকারের পক্ষ থেকে প্যারোলের আশ্বাস দেওয়া হলে বিএনপি বিবেচনা করবে কি না- জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এটা খালেদা জিয়ার ব্যক্তিগত ব্যাপার ও পরিবারের ব্যাপার। দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিইনি এখনো।

এ সময়ে অস্ত্র ও মাদক মামলায় আটক বহিস্কৃত যুবলীগ নেতা জি কে শামীমের হাইকোর্ট থেকে জামিনের বিষয় উল্লেখ করে মির্জা ফখরুল জানান, এ ঘটনায় এটাই  প্রমাণিত হয়েছে, যে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেগম খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে, যেখানে একজন সন্ত্রাসী-দুর্বৃত্ত আসামিকে এভাবে গোপনে জামিন দেওয়া হয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯