করোনার কারণে খালেদার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i78140-করোনার_কারণে_খালেদার_মুক্তির_দাবিতে_বিক্ষোভ_কর্মসূচি_স্থগিত_করেছে_বিএনপি
বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত আগামীকালের (বুধবার) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ স্থগিত করেছে দলটি। করোনা ভাইরাসের কারণে এ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১০, ২০২০ ০৯:৪৭ Asia/Dhaka
  • হুইল চেয়ারে বেগম খালেদা জিয়া
    হুইল চেয়ারে বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত আগামীকালের (বুধবার) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ স্থগিত করেছে দলটি। করোনা ভাইরাসের কারণে এ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একইসাথে আজ (মঙ্গলবার) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে নির্ধারিত মানববন্ধন কর্মসূচিও বাতিল করা হয়েছে।

আজ বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, মুজিববর্ষ পালনের ডামাডোলে জনস্বার্থ অবহেলা করে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। সরকারের উদাসীনতা জনগণ ক্ষমা করবে না।

এর আগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল  দলটি। গত শনিবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওদিকে, পরিবারের পক্ষ থেকে বেগম জিয়ার উন্নত চিকিৎসার কারণ দেখিয়ে তাকে মুক্তি দেবার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আবেদনটি এখন আইন মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে। 

আজকে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।