নড়াইলের মানহানি মামলায় স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i78201-নড়াইলের_মানহানি_মামলায়_স্থায়ী_জামিন_পেলেন_খালেদা_জিয়া
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে নড়াইলে দায়ের করা মানহানি মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছে হাইকোর্ট।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১২, ২০২০ ১২:৩০ Asia/Dhaka
  • খালেদা জিয়া
    খালেদা জিয়া

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে নড়াইলে দায়ের করা মানহানি মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছে হাইকোর্ট।

জামিন আবেদনের শুনানি নিয়ে আজ (বৃহস্পতিবার) বিচারপতি আবু জাফর সিদ্দিকীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে খালেদা জিয়া তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করেন। এছাড়া, একই সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া বলেন, ‘তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ চাননি।’

পরে তার ওই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রচার হবার পরিপ্রেক্ষিতে নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল গ্রামের জনৈক রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে ২৪ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন।

উল্লেখ্য, দু’টি দুর্নীতির মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত হয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দী রয়েছেন। বর্তমানে কারা হেফাজতে চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি রাখা হয়েছে। পরিবারে ও দলের দাবী বেগম জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন; কারা হেফাজতে তার সুচিকিৎসা হচ্ছে না। বেগম জিয়ার বিরুদ্ধে ৩৫টি মতো মামলা রুজু করা হয় যার মধ্যে ৩৩ টিতে তার জামিন হলেও দুর্নীতির দু’টি মামলায় সরকার পক্ষের আপত্তির কারনে আদালত তার জামীন অস্বীকার করে আসছে।

এদিকে, আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব না হবার কারণে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে যেন তাকে সাময়িক মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়া হয়। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।