'পাটকল বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে সরকার দেশবাসীর সাথে বেইমানি করেছে’
নির্বাচনী ইশতেহারে বন্ধ পাটকল চালুর ওয়াদা করা সত্ত্বেও বাংলাদেশের ক্ষমতাসীন সরকার পাটকল বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে দেশবাসীর সাথে বেইমানি করেছে বলে অভিযোগ করেছে ইসলামী শ্রমিক আন্দোলন। এই মহামারিকালে শ্রমিকদের ছাঁটাই করার সিদ্ধান্ত 'অমানবিক' অভিহিত করে পাটকলগুলোতে অব্যাহত লোকসানের জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ও দাবি জানিয়েছে সংগঠনটি।
পাটকল বন্ধের অমানবিক সিদ্ধান্ত বাতিলের দাবিতে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আশরাফ আলী আকন এসব দাবি জানান।
মানববন্ধনে অংশ নিয়ে নেতৃবৃন্দ বলেন, পাটকল বন্ধ করে অসংখ্য মানুষকে পথে না বসিয়ে দুর্নীতির সাথে জড়িত রাজনৈতিক ও শ্রমিক নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবৈধ অর্থ অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। যাদের কারণে পাটকলগুলোতে ১০ হাজার ৬৭৪ কোটি টাকা লোকসান হয়েছে তাদের নাম পদবী এবং ঠিকানাসহ শ্বেতপত্র আকারে তাদের তালিকা প্রকাশ করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি মোস্তফা কামাল, এ্যাসিস্টান্ট সেক্রেটারি জেনারেল অধ্যাপক আবদুল করিম, মাওলানা গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মাদ ওমর ফারুক ও সহকারী প্রচার সম্পাদক সাইফ মোহাম্মদ সালমান।
মানববন্ধনে নেতৃবৃন্দ পাটকল শ্রমিকদের স্বার্থে ৮ দফা ঘোষণা করে বলেন, পাটকলগুলোকে সৎ ও যোগ্য লোকদের হাতে তদারকির দায়িত্ব দিতে হবে। পাটের বৈদেশিক বাজার ধরার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে নয় বরং দক্ষ বেসরকারি সংস্থার মাধ্যমে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।