নকল মাস্ক সরবরাহের অভিযোগে ছাত্রলীগের সাবেক নেত্রীর বিরুদ্ধে মামলা
https://parstoday.ir/bn/news/bangladesh-i81715-নকল_মাস্ক_সরবরাহের_অভিযোগে_ছাত্রলীগের_সাবেক_নেত্রীর_বিরুদ্ধে_মামলা
বাংলাদেশের দেশের প্রধান চিকিৎসা শিক্ষা ও সেবা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) নকল মাস্ক সরবরাহের অভিযোগে ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রাতে রাজধানীর শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করা হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ২৪, ২০২০ ১৫:৫১ Asia/Dhaka
  • শারমিন জাহান
    শারমিন জাহান

বাংলাদেশের দেশের প্রধান চিকিৎসা শিক্ষা ও সেবা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) নকল মাস্ক সরবরাহের অভিযোগে ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রাতে রাজধানীর শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করা হয়।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন-১ শাখায় সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত শারমিনের মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনাল গত ২৭ জুন ১১ হাজার মাস্ক সরবরাহের কার্যাদেশ পায়। এই কার্যাদেশের বিপরীতে অপরাজিতা ইন্টারন্যাশনাল ৩০ জুন প্রথম দফায় ১ হাজার ৩০০, ২ জুলাই দ্বিতীয় ও তৃতীয় দফায় ৪৬০ ও ১ হাজার এবং চতুর্থ দফায় ৭০০ মাস্ক সরবরাহ করে। কিন্তু, তৃতীয় ও চতুর্থ দফায় সরবরাহকৃত মাস্কগুলো 'সামগ্রিক গুণগতমানের স্পেসিফিকেশন অনুযায়ী পাওয়া যায়নি' বলে অভিযোগ করা হয়েছে মামলার এজাহারে।

এ বিষয়ে ১৮ জুলাই অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএসএমএমইউ। ২০ জুলাই লিখিত জবাবে শারমিন দুঃখপ্রকাশ করেন যা  দোষ স্বীকারের শামিল।

বিষয়টি আমলে নিয়ে শারমিন জাহানের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলা দায়ের করা হয় বলে শাহবাগ থানার ওসি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর পাস করা শারমিন ২০০২ সালে ছাত্রলীগের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি নির্বাচিত হন। আওয়ামী লীগের গত কমিটিতে তিনি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক।

অভিযোগের বিষয়ে শারমিন জাহান গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা নকল মাস্ক সরবরাহ করিনি। এসব প্রোডাক্ট চীন থেকে ইম্পোর্টেড। এগুলোতো আমরা তৈরি করিনি। আমরা শুধু সাপ্লাই দিচ্ছি। প্রডাক্ট খারাপ হলে বিএসএমএমইউ প্রথমবারই আমাদের বলতে পারত। আমরা সেটা যাচাই করে দেখতে পারতাম’। শারমিন  আইনি প্রক্রিয়ায় অভিযোগের মোকাবিলা করবেন বলে জানিয়েছেন।#  

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।