নীতিহীন নয়, নিরপেক্ষ ও বাস্তবমুখী সাংবাদিকতা চাই: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i84133-নীতিহীন_নয়_নিরপেক্ষ_ও_বাস্তবমুখী_সাংবাদিকতা_চাই_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাংবাদিকতাটা আমরা নিরপেক্ষতা চাই, বাস্তবমুখী চাই এবং দেশ ও জাতির প্রতি যেন কর্তব্য বোধ থেকে হয়, সেরকমই চাই। নীতিহীন সাংবাদিকতা কোনো দেশের কল্যাণ আনতে পারে না। আপনারা নিশ্চয়ই সেই দায়িত্বশীলতা নিয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে কাজ করবেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ২৫, ২০২০ ১০:০৬ Asia/Dhaka
  • শেখ হাসিনা
    শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাংবাদিকতাটা আমরা নিরপেক্ষতা চাই, বাস্তবমুখী চাই এবং দেশ ও জাতির প্রতি যেন কর্তব্য বোধ থেকে হয়, সেরকমই চাই। নীতিহীন সাংবাদিকতা কোনো দেশের কল্যাণ আনতে পারে না। আপনারা নিশ্চয়ই সেই দায়িত্বশীলতা নিয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে কাজ করবেন।

আজ (রোববার) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। প্রধানমন্ত্রীর তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুক্ত হন।

দুর্নীতি ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে রিপোর্ট সরকারকে ব্যবস্থা নিতে সহায়তা করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আপনাদের রিপোর্ট পড়ে পড়ে বিভিন্ন পত্রিকায় অনেক সময় অনেক ঘটনা আসে, সঙ্গে সঙ্গে আমরা সেই রিপোর্ট দেখে অনেক অসহায় মানুষের যেমন দাঁড়াই, আবার অনেক অন্যায় ঘটনা ঘটলে তার প্রতিকারও করতে পারি। অনেক দোষীকেও আমরা শাস্তি দিতে পারি এবং দিয়ে থাকি। অনেক ঝুঁকি নিয়ে আপনারা অনেক সময় রিপোর্ট করেন। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এইটুকু অনুরোধ করব- আপনারা যেমন ধন্যবাদ যোগ্য কাজও করেন কিন্তু আবার এমন রিপোর্ট করেন, যেটা মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায়। সেদিকে আপনাদের বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সাংবাদিকতাটা আমরা নিরপেক্ষতা চাই, বাস্তবমুখী চাই এবং দেশ ও জাতির প্রতি যেন কর্তব্যবোধ থেকে হয়, সে রকমই আমরা চাই। নীতিহীন সাংবাদিকতা কোনো দেশের কল্যাণ আনতে পারে না বরং ক্ষতি করে। হয়তো কিছু মানুষ অর্থ সম্পদের মালিক হতে পারে কিন্তু অর্থ-সম্পদ সবসময় কাজে লাগে না। এই করোনাভাইরাস হওয়ার কারণেই তো এটা আজকে প্রমাণিত যে কোটি কোটি টাকা থাকলেও অনেক সময় কাজে লাগে না। করোনাভাইরাস সারাবিশ্বব্যাপী এই একটা শিক্ষা দিয়ে গেছে মানুষকে। শুধু অর্থ সম্পদ বা নিজের স্বার্থপরতা কখনো কাউকে রক্ষা করতে পারে না। যা হোক, এই নীতিহীন সাংবাদিকতা যেন না হয়।’

সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রসঙ্গ তুলে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রচেষ্টাই হচ্ছে মানুষের জীবনটাকে আরও উন্নত করা। আজকে ৯৭ ভাগ মানুষের ঘরে আমরা আলো জ্বালাতে সক্ষম হয়েছি। মুজিববর্ষে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আলো জ্বালাব। সেই বিদ্যুৎ সুবিধাটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতুর কাজ এগিয়ে যাচ্ছে। এই যে আজ সকালেও এই দশটার সময় ৩৪ নম্বর স্প্যানটা বসল। ইনশাআল্লাহ, এটাও খুব দ্রুত শেষ হবে। আমরা মুজিববর্ষ উদযাপন করার অনেক কর্মসূচি নিয়েছিলাম। করোনাভাইরাসের জন্য জনসমাগম হয়, সেটা আমরা করতে পারিনি। আমরা ভার্চুয়ালি করেছি। আমরা ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। সেটাও আমাদের উদযাপন করতে হবে। স্বাধীনতা আমাদের মহৎ অর্জন এবং আমি এইটুকু বলব, আমরা রজতজয়ন্তীর সময়ও সরকারে ছিলাম। সুবর্ণজয়ন্তীর সময়ও আমরা সরকারে থেকে উদযাপন করতে পারব। সেটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে, এইটুক সুযোগ-সুবিধা আল্লাহ দিয়েছেন। বাংলাদেশটাকে আমরা যেন গড়ে তুলতে চাই এবং সেভাবেই এগিয়ে যেতে চাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা ২০০৮ নির্বাচনে দিন বদলের ডাক দিয়েছিলাম। রূপকল্প ঘোষণা করেছিলাম। এরপর আমরা প্রেক্ষিত পরিকল্পনা নিই। ২০১০-২০২০, এখন আমরা ২০২১ থেকে ২০৪১ প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি। ২১০০ সালে ডেল্টা প্ল্যান করেছি। অর্থ্যাৎ ভবিষ্যৎ প্রজন্ম তাদের জীবনটা যেন সুন্দর হয় উন্নত হয়, সেদিকে লক্ষ্য রেখে পরিকল্পনার একটা কাঠামো রেখে যাচ্ছি। হ্যাঁ, সময়ের তাগিদে, প্রযুক্তির উৎকর্ষতায় বিজ্ঞানের প্রভাবে হয়তো সময় সময় এগুলো সময়োপযোগী করতে হবে কিন্তু এরই ভিত্তিতে আমরা যদি পরিকল্পনা প্রণয়ন করে আমাদের দেশের কাজ করি, এই দেশ এগিয়ে যাবে। মানুষের ভাগ্য পরিবর্তন হবে। এদেশ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসাবে গড়ে উঠবে। এদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ কোনদিন ছিনিমিনি খেলতে পারবে না। সেটাই আমাদের একমাত্র লক্ষ্য।’

শেখ হাসিনা বলেছেন, একটা সময় আমাদের দেশে ছিল- যে যতই দুর্নীতি হোক সেগুলোকে ধামাচাপা দেয়া হতো। আর কথাগুলো কার্পেটের নিচে যেভাবে রেখে দেয়, সেভাবে রাখা হতো। আমাদের সরকার আমরা তা করছি না। সন্ত্রাসী, দুর্নীতিবাজ দলের কেউ হলেও ছাড় দেয়া হচ্ছে না।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উদযাপনের কর্মসূচির সফলতা কামনা করেন এবং সকল সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সবাইকে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।