মোসাদ এজেন্টের সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ নিয়ে তোলপাড়
https://parstoday.ir/bn/news/bangladesh-i9235-মোসাদ_এজেন্টের_সঙ্গে_বিএনপি_নেতার_সাক্ষাৎ_নিয়ে_তোলপাড়
ইহুদিবাদী ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ এবং গ্রুপ ছবি তোলা নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহলে নানা আলোচনা চলছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৩, ২০১৬ ১৭:৩৪ Asia/Dhaka

ইহুদিবাদী ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ এবং গ্রুপ ছবি তোলা নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহলে নানা আলোচনা চলছে।

সম্প্রতি ইসরাইলভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ‘জেরুজালেম অনলাইন ডটকম’-এ প্রকাশিত খবরে বলা হয়েছে, ইসরাইলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান ও লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফারির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী বৈঠক করেন। সেখানে বাংলাদেশের সরকার উৎখাতের বিষয়ে আলোচনা হয়েছে বলে দাবি করা হয় অনলাইনটিতে।

অনুষ্ঠানে যোগ দেয়া ও ছবি তোলার কথা স্বীকার করছেন আসলাম চৌধুরী। তবে কোন ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে দেন তিনি। আসলাম চৌধুরীর দাবি, তিনি জানতেন না মেন্দি এন সাফারি ইসরাইলের লিকুদ পার্টির নেতা। গণমাধ্যমে খবর প্রকাশের পর জানতে পারেন তার সঙ্গে মোসাদের সম্পর্ক রয়েছে। তবে এখন তার মনে হচ্ছে তিনি ষড়যন্ত্রের শিকার। কারও ফাঁদে পা দিয়েছিলেন তিনি। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে নেতাকর্মী ও সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি পদত্যাগ করতেও দ্বিধা নেই বলে জানান আসলাম চৌধুরী। ব্যবসায়িক কাজে তিনি ভারত সফরে গিয়েছিলেন, এর সঙ্গে রাজনীতি বা দলের কোন সম্পর্ক ছিল না বলেও জানান তিনি।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির যোগসাজসের খবরকে ভিত্তিহীন বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতার জন্য কোনো ধরনের ষড়যন্ত্রের সঙ্গে বিএনপি নেই। ইসরাইলের সঙ্গেও কোন ধরনের সম্পর্ক নেই, বরং ফিলিস্তিনের অধিকার ও সার্বভৌমত্বের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন আছে।

এ বক্তব্যের সঙ্গে একমত জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, আসলাম চৌধুরী ব্যক্তিগত কাজে ভারত গিয়েছিলেন। সেখানকার একটা অনুষ্ঠানে অংশও নিয়েছেন। সেই অনুষ্ঠানে কে ইসরাইলি, কে মোসাদের এজেন্ট তা তার জানার কথা নয়। এটা যে একটা ষড়যন্ত্র ছিল তা পরিস্কার বোঝা যাচ্ছে বলেই মনে করেন তিনি।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি যে ষড়যন্ত্র লিপ্ত আছে তা ধরা পড়ছে, আর তা ঢাকার জন্য মিথ্যাচার করছে। আর দলটির জন্মই হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে। এরা ষড়যন্ত্র ছাড়া সুস্থ রাজনীতির কথা চিন্তা করতে পারে না। তারা সরকার উৎখাতে ব্যর্থ হওয়ার বিভিন্ন দেশ ও সংস্থার দ্বারস্ত হচ্ছে। তারই সবশেষ ঘটনা ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সহায়তা নেয়া। মিথ্যাচার করে এ অপরাধ ঢাকা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

যারা বৈঠক করেছেন আর যারা বৈঠকের নির্দেশ দিয়েছেন তাদের শাস্তি দাবি করেছেন হানিফ। তিনি বলেন, বিএনপির যে শীর্ষ নেতারা এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, দেশের মানুষ তাদের বিচারের কাঠগড়ায় দেখতে চায়।#

শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৩