মামুনুল হক ইস্যুতে সংসদে বিরূপ মন্তব্য; এক্সপাঞ্জ হলো এমপি ও স্পিকারের বক্তব্য
-
মামুনুল হক- হাফিজ উদ্দিন আহমেদ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদে দেওয়া বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (বাদ) করা হয়েছে। একই সঙ্গে এ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নিজের একটি মন্তব্যও কার্যবিবরণী থেকে অপসারণ করা হয়েছে।
আজ (রোববার) জাতীয় সংসদের অধিবেশনে এ সিদ্ধান্তের কথা জানান স্পিকার।
গত বৃহস্পতিবার বাজেট আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের অতীতের একটি বিতর্কিত ঘটনা উল্লেখ করে মন্তব্য করেন। সে সময় স্পিকার বিষয়টি সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত না করার ইঙ্গিত দেন এবং একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে সংসদে আলোচনা না করার পক্ষে মত দেন।
রোববারের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, গত বৃহস্পতিবার মামুনুল হক সম্পর্কে ‘কথিত পরকীয়া’ নিয়ে করা মন্তব্য অনভিপ্রেত ছিল। তিনি বলেন, যার পক্ষে সংসদে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণেই আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে।
স্পিকার আরও জানান, আলোচনার সময় তিনি নিজেও একজন ব্যক্তির জীবনের ‘অন্ধকার অধ্যায়’ সম্পর্কে মন্তব্য করেছিলেন। নিরপেক্ষতা বজায় রাখতে সেই মন্তব্যটিও কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে।
ভবিষ্যতে সংসদ সদস্যদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, যাদের পক্ষে সংসদে এসে নিজেদের অবস্থান ব্যাখ্যা করা সম্ভব নয়, তাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।
একই অধিবেশনে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন আরেক সংসদ সদস্যের পূর্ববর্তী বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। জবাবে স্পিকার জানান, সংশ্লিষ্ট সদস্য নিজের বক্তব্যকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে স্বীকার করেছেন এবং সেটিও কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে।
এদিকে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একটি বক্তব্য নিয়ে বিষয় উত্থাপন করলে স্পিকার বলেন, সংসদের বাইরে দেওয়া বক্তব্যের জবাব সংসদের বাইরেই দেওয়া উত্তম।#
পার্সটুডে/এমএআর/২১