কর্ণাটকের এক শিক্ষিকার বিরুদ্ধে মুসলিম শিক্ষার্থীদের পাকিস্তানে চলে যেতে বলার অভিযোগ
https://parstoday.ir/bn/news/india-i127654-কর্ণাটকের_এক_শিক্ষিকার_বিরুদ্ধে_মুসলিম_শিক্ষার্থীদের_পাকিস্তানে_চলে_যেতে_বলার_অভিযোগ
ভারতের কর্ণাটকের একটি স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে মুসলিম শিক্ষার্থীদের পাকিস্তানে চলে যেতে বলার অভিযোগ উঠেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০২৩ ১১:৫১ Asia/Dhaka
  • কর্ণাটকের এক শিক্ষিকার বিরুদ্ধে মুসলিম শিক্ষার্থীদের পাকিস্তানে চলে যেতে বলার অভিযোগ

ভারতের কর্ণাটকের একটি স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে মুসলিম শিক্ষার্থীদের পাকিস্তানে চলে যেতে বলার অভিযোগ উঠেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

 জানা গেছে, কর্ণাটকের শিবমোগা জেলার এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে মুসলিম ছাত্রদের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ উঠেছে।  ওই শিক্ষিকার বিরুদ্ধে দুই মুসলিম ছাত্রকে  পাকিস্তানে যেতে বলার অভিযোগ।  বিষয়টি জানাজানি হওয়ার পর ওই  শিক্ষিকাকে বদলি করে তার বিরুদ্ধে তদন্ত শুরু  হয়েছে।   জনতা দল (সেক্যুলার) সংখ্যালঘু শাখার শিবমোগা জেলা সভাপতি নজরুল্লাহ এই বিষয়ে শিক্ষা বিভাগে অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, গত (বৃহস্পতিবার) মঞ্জুলা দেবী নামে এক শিক্ষিকা পঞ্চম শ্রেণির শিশুদের পড়াচ্ছিলেন, সেই সময় দুই শিশু নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে। ওই শিক্ষিকা শিশুদের বকাঝকা করে বলেন, এটা তোমাদের দেশ নয়। তোমরা পাকিস্তানে যাও।জেডি (ইউ) সংখ্যালঘু শাখার শিবমোগা জেলা সভাপতি নজরুল্লাহ  বলেন, ‘শিশুরা যখন ঘটনাটি আমাদের জানায় তখন আমরা হতবাক হয়ে গিয়েছিলাম! আমরা ডেপুটি ডিরেক্টর অফ  পাবলিক ইন্সট্রাকশন (ডিডিপিআই)-এর কাছে অভিযোগ দায়ের করেছি এবং সংশ্লিষ্ট  বিভাগ ওই শিক্ষিকার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে।’

ঘটনার তদন্তকারী ব্লক শিক্ষা কর্মকর্তা (বিইও) বি নাগরাজ বলেন,  অন্যান্য ছাত্ররাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। নাগরাজ বলেন, ‘ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ-তিনি ছাত্রদের বলেন, এটা তোমাদের দেশ নয়, এটা হিন্দুদের দেশ। তোমাদের পাকিস্তানে চলে যাওয়া  উচিত।’ ব্লক শিক্ষা কর্মকর্তা নাগরাজ আরও বলেন, তিনি এই বিষয়ে তদন্ত  প্রতিবেদন জমা দিয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।কর্ণাটকের মুসলিম ছাত্রদের সাথে এই ঘটনাটি এমন একটি সময়ে ঘটেছে যখন কিছুদিন আগে উত্তর প্রদেশের মুজাফফরনগরে এক মুসলিম ছাত্রকে ক্লাসের অন্য ছাত্রদের দিয়ে  থাপ্পড় মারার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ওই ভিডিওতে তৃপ্তা ত্যাগী নামে একজন  শিক্ষিকা ক্লাসের ছাত্রদের মুসলিম ছাত্রকে মারতে বলেন। এ ছাড়া ওই  শিক্ষিকাকেও ওই ছাত্রকে নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা গেছে।      এ নিয়ে ওই ঘটনার কড়া নিন্দা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী  সে সময়ে বলেছিলেন, ‘নিষ্পাপ শিশুদের মনে বিদ্বেষের বিষ ঢোকানো হচ্ছে। স্কুলের মতো পবিত্র জায়গা পরিণত হয়েছে ঘৃণার বাজারে। দেশের জন্য কোনও শিক্ষিকা এর থেকে জঘন্য আর কিছু করতে পারেন না।’ সংখ্যালঘু মুসলিম ছাত্রের  নিগ্রহের ঘটনায় বিজেপি-আরএসএসের বিভাজনের রাজনীতিকেই দায়ী করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। সেই ঘটনার জের না মিটতেই উত্তর প্রদেশের পর এবার কর্ণাটকের এক শিক্ষিকার বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ প্রকাশ্যে এসেছে।    #

পার্সটুডে/এমএএইচ/৩