আইপিএলের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুও ভারতের হাতছাড়া
https://parstoday.ir/bn/news/india-i93768-আইপিএলের_পর_এবার_টি_টোয়েন্টি_বিশ্বকাপের_ভেন্যুও_ভারতের_হাতছাড়া
করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের পরিবর্তে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। আগামী অক্টোবরে ভারতের মাটিতে হওয়ার কথা ছিল বৈশ্বিক এই টুর্নামেন্টটি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ২৬, ২০২১ ০৮:৪৪ Asia/Dhaka
  • আইপিএলের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুও ভারতের হাতছাড়া

করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের পরিবর্তে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। আগামী অক্টোবরে ভারতের মাটিতে হওয়ার কথা ছিল বৈশ্বিক এই টুর্নামেন্টটি।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’ জানিয়েছে, আগামী ১৭ অক্টোবর থেকে আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২১। ১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ নভেম্বর। যদিও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পক্ষ থেকে এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

তবে ‘ক্রিকইনফো’র প্রতিবেদন বলছে, আইপিএল ফাইনালের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপটি মাঠে গড়াবে। আইপিএলের ফাইনাল ১৫ অক্টোবর। একদিন বিরতি দিয়েই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

পরিকল্পনা অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে দুই গ্রুপের খেলা হবে আরব আমিরাত এবং ওমানে। এই রাউন্ডে মোট ১২টি ম্যাচ হবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল কোয়ালিফাই করবে, যারা যোগ দেবে সেরা আট দলের সঙ্গে।

সেরা আট দল আর প্রথম রাউন্ড থেকে কোয়ালিফাই করা চার দল মিলে হবে ১২ দলের ‘সুপার টুয়েলভ’। ২৪ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভের ৩০টি ম্যাচ। সেই মহারণ শেষে সেমিফাইনাল।

সুপার টুয়েলভের ৩০ ম্যাচ দুবাই, আবুধাবি এবং শারজাহতে অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে তিনটি প্লে-অফ ম্যাচও হবে একই ভেন্যুগুলোতে।

এর আগে, করোনার জেরে মাঝপথেই থমকে গিয়েছিল ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইপিএল। শেষমেশ ঠিক হয়, ভারতে নয়, গত বছরের মতো আমিরাতেই হবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো। আর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনও ভারতীয় বোর্ডের হাতছাড়া হতে যাচ্ছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।