জম্মু-কাশ্মীরে পৃথক সংঘর্ষে এক সেনা কর্মকর্তা ও দুই গেরিলা নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পামপোর এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। আজ (শুক্রবার) সকালে দক্ষিণ কাশ্মীরের পামপোরের খিরিউ এলাকায় ওই সংঘর্ষ হয়। অন্যদিকে, গতকাল (বৃহস্পতিবার) রাজৌরিতে এক সংঘর্ষে সুবেদার রাম সিং নামে সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিহত হয়েছেন।
গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে আজ (শুক্রবার) ভোরে পামপোরের খিরিউ এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশের এক মুখপাত্র বলেন, নিহতদের মধ্যে হিজবুল মুজাহিদীনের সঙ্গে যুক্ত মুসাইব মুস্তাক নামে এক সন্ত্রাসীকে চিহ্নিত করা হয়েছে। নিহত দ্বিতীয় সন্ত্রাসীকে শনাক্ত করা হচ্ছে।
আজ বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল ‘আজতক’-এর ওয়েবসাইটে প্রকাশ, অবন্তিপোরার পামপোরে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা তল্লাশি অভিযান চালানোর সময়ে গেরিলারা জওয়ানদের উপরে গুলিবর্ষণ শুরু করে। এ সময়ে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলিবর্ষণের মধ্যদিয়ে জবাব দেয়। এরফলে গুলিতে এক গেরিলা গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরো একজন গেরিলার মৃত্যু হয়।
আজ দুপুরে সেনাবাহিনীর নর্দান কম্যান্ড ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার এবং অভিযান শেষ হওয়ার কথা বলেছে।
এদিকে, গতকাল (বৃহস্পতিবার) রাজৌরি জেলার থান্নামাণ্ডির দান্না এলাকায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) নিহত হয়েছেন। সেনাকর্মকর্তাকে উদ্ধৃত করে আজ (শুক্রবার) গণমাধ্যমে প্রকাশ, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশ রাজৌরির জেলা থান্নামান্ডি এলাকায় যৌথভাবে ঘেরাও এবং তল্লাশি অভিযান চালায়। দান্না গ্রামের বনাঞ্চলে তল্লাশি অভিযানের সময়, জুনিয়র কমিশন্ড অফিসার সুবেদার রাম সিংহের নেতৃত্বাধীন তল্লাশি টিমকে নিকটবর্তী ঘন বনাঞ্চল থেকে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে।
প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, জুনিয়র কমিশন্ড অফিসার পাল্টা গুলিবর্ষণ করলে এক সন্ত্রাসী নিহত হয়। কিন্তু এ সময়ে সুবেদার রাম সিং (৪৬) গুলিবিদ্ধ হয়ে আহত হন। সাহসী জেসিওকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তিনি আঘাতের কারণে মারা যান। ৪৬ বছর বয়সী সুবেদার রাম সিং উত্তরাখণ্ড রাজ্যের বাসিন্দা ছিলেন। তিনি একজন সাহসী এবং অত্যন্ত অনুপ্রাণিত সৈনিক ছিলেন বলেও প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।