ইরানের সতর্কতা উপেক্ষা করায় মার্কিন যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্রের আঘাত
https://parstoday.ir/bn/news/iran-i159132-ইরানের_সতর্কতা_উপেক্ষা_করায়_মার্কিন_যুদ্ধজাহাজে_দুটি_ক্ষেপণাস্ত্রের_আঘাত
ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌ-ইউনিট মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাহাজটি আজ (সোমবার) জাস্ক এলাকার কাছে নৌ-নিরাপত্তা ভঙ্গ করে হরমুজ প্রণালি পার হওয়ার উদ্দেশ্যে এগোচ্ছিল।
(last modified 2026-05-04T11:32:03+00:00 )
মে ০৪, ২০২৬ ১৭:১৬ Asia/Dhaka
  • মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা (ফাইল ফটো)
    মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা (ফাইল ফটো)

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌ-ইউনিট মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাহাজটি আজ (সোমবার) জাস্ক এলাকার কাছে নৌ-নিরাপত্তা ভঙ্গ করে হরমুজ প্রণালি পার হওয়ার উদ্দেশ্যে এগোচ্ছিল।

দক্ষিণাঞ্চলের স্থানীয় সংবাদসূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ জানিয়েছে, ইরানের নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করার পর জাহাজটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলার ফলে মার্কিন যুদ্ধজাহাজটি আর এগোতে পারেনি এবং বাধ্য হয়ে পিছু হটে এলাকা ছেড়ে চলে যায়। এই খবর প্রকাশ পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

এর আগে ইরান একাধিকবার জানিয়েছিল, তাদের আনুষ্ঠানিক অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। এই সতর্কতা অমান্য করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছিল। 

ইসলামি প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় ঘাঁটির কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন- যেকোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষ করে আগ্রাসী মার্কিন সেনাবাহিনী যদি হরমুজ প্রণালীর ধারে কাছে আসার বা প্রবেশের চেষ্টা করে, তবে তাদের ওপর আক্রমণ চালানো হবে।

ইরানের এই হুঁশিয়ারির আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র সোমবার ‘প্রোজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু করবে। এর আওতায় হরমুজ প্রণালি থেকে আটকে পড়া জাহাজগুলোকে বের করতে সহায়তা দেওয়া হবে। ট্রাম্পের ওই ঘোষণার পর এই ক্ষেপণাস্ত্র হামলার খবর এল। # 

পার্সটুডে/এমএআর/৪