ওমর খৈয়াম আমাদের জীবন্ত সংস্কৃতির অংশ: ইরানের সংস্কৃতিমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i159474-ওমর_খৈয়াম_আমাদের_জীবন্ত_সংস্কৃতির_অংশ_ইরানের_সংস্কৃতিমন্ত্রী
পার্সটুডে: ইরানের সংস্কৃতি ও ইসলামী নির্দেশনাবিষয়কমন্ত্রী সাইয়্যেদ আব্বাস সালেহী বলেছেন, বিখ্যাত কবি ওমর খৈয়াম কেবল অতীতের কোনো চরিত্র বা ইতিহাসের অংশ নন, তিনি আজকেও আমাদের সংস্কৃতির এক জীবন্ত প্রতীক।
(last modified 2026-05-18T11:43:13+00:00 )
মে ১৮, ২০২৬ ১৭:৪০ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস সালেহী
    সাইয়্যেদ আব্বাস সালেহী

পার্সটুডে: ইরানের সংস্কৃতি ও ইসলামী নির্দেশনাবিষয়কমন্ত্রী সাইয়্যেদ আব্বাস সালেহী বলেছেন, বিখ্যাত কবি ওমর খৈয়াম কেবল অতীতের কোনো চরিত্র বা ইতিহাসের অংশ নন, তিনি আজকেও আমাদের সংস্কৃতির এক জীবন্ত প্রতীক।

বিখ্যাত কবি ওমর খৈয়ামের স্মরণ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় মন্ত্রী বলেন, আজকের আধুনিক যুগের মানুষ জীবনের ব্যস্ততা, নানামুখী মানসিক চাপ আর প্রতিদিনের ব্যস্ততায় হাঁপিয়ে উঠেছে। এমন সময়ে খৈয়ামের কবিতা আমাদের নতুন করে ভাবতে এবং নিজের ভেতরের মানুষের সাথে কথা বলতে শেখায়।

তিনি আরও বলেন, খৈয়াম আমাদের মনে করিয়ে দেন যে ইরানি সংস্কৃতিতে যুক্তি ও বুদ্ধিমত্তার চর্চা কতটা গভীরে। তাঁর চিন্তা মানুষকে প্রশ্ন করতে শেখায়, জীবনের আসল অর্থ খুঁজতে এবং এই পৃথিবীর সাথে নিজের সম্পর্ককে নতুন করে বুঝতে সাহায্য করে।

সংস্কৃতি মন্ত্রী জোর দিয়ে বলেন, আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আমাদের গভীর চিন্তাভাবনা করার সময় কমে যাচ্ছে। এই সময়ে খৈয়ামের রেখে যাওয়া জ্ঞান আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হতে পারে। তাঁর সৃষ্টিতে বিজ্ঞান, সাহিত্য, যুক্তি ও কবিতা আলাদা কিছু নয়, বরং একে অপরের হাত ধরাধরি করে চলে।

সবশেষে সালেহী বলেন, খৈয়াম কেবল ইতিহাসের পাতায় বন্দি নন, তিনি আমাদের বর্তমান জীবনেরও অংশ। শত শত বছর পার হয়ে গেলেও তাঁর কথাগুলো আজও আধুনিক মানুষকে সময় ও সত্যের মুখোমুখি দাঁড় করায় এবং জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে শেখায়।#

পার্সটুডে/এমএআর/১৮