আলামুত দুর্গ: আলবোর্জ পর্বতমালার এক কিংবদন্তি এখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য
https://parstoday.ir/bn/news/iran-i163160-আলামুত_দুর্গ_আলবোর্জ_পর্বতমালার_এক_কিংবদন্তি_এখন_ইউনেস্কোর_বিশ্ব_ঐতিহ্য
পার্সটুডে: ইরানের উত্তর-পশ্চিমে অবস্থিত কাজভিন প্রদেশের আলামুত দুর্গ ইতিহাসে কখনও সরাসরি সামরিক আক্রমণে বিজিত হয়নি। হাসান সাব্বাহ ১০৯০ খ্রিস্টাব্দে রাজনৈতিক কৌশলের মাধ্যমে এটি দখল করেছিলেন, আর মঙ্গোলরা কেবল ১২৫৬ সালে, নিজারি ইসমাইলিদের চারপাশের প্রতিরক্ষা নেটওয়ার্ক ভেঙে পড়ার পরই এর আত্মসমর্পণ আদায় করতে পেরেছিল।
(last modified 2026-09-17T11:39:00+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১৬:৪১ Asia/Dhaka
  • আলামুত দুর্গ: আলবোর্জ পর্বতমালার এক কিংবদন্তি এখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য

পার্সটুডে: ইরানের উত্তর-পশ্চিমে অবস্থিত কাজভিন প্রদেশের আলামুত দুর্গ ইতিহাসে কখনও সরাসরি সামরিক আক্রমণে বিজিত হয়নি। হাসান সাব্বাহ ১০৯০ খ্রিস্টাব্দে রাজনৈতিক কৌশলের মাধ্যমে এটি দখল করেছিলেন, আর মঙ্গোলরা কেবল ১২৫৬ সালে, নিজারি ইসমাইলিদের চারপাশের প্রতিরক্ষা নেটওয়ার্ক ভেঙে পড়ার পরই এর আত্মসমর্পণ আদায় করতে পেরেছিল।

ইরানের প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ হামিদেহ চুবাকের নেতৃত্বে ২০০১ সাল থেকে দুই দশকেরও বেশি সময় ধরে ষোলটি মাঠ-পর্যায়ের অভিযানে চালানো খননকাজে উঠে এসেছে যে, আলামুত শুধু একটি সামরিক স্থাপনাই ছিল না—বরং এটি ছিল বহুমুখী এক জনবসতি, যেখানে ছিল প্রশাসনিক, আবাসিক, গুদামজাত ও বিজ্ঞানভিত্তিক স্থাপনা, এমনকি একটি বিখ্যাত গ্রন্থাগার ও একটি জ্যোতির্বিজ্ঞান মানমন্দিরও।

প্রেস টিভির বরাত দিয়ে পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শত শত বছরের বিস্মৃতির পর এ বছর এই স্থানটি আলামুত অঞ্চলের সাতটি দুর্গ সংবলিত একটি সিরিয়াল নমিনেশনের অংশ হিসেবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় নথিভুক্ত হয়েছে, যা এই পরস্পর-সংযুক্ত প্রতিরক্ষা ও প্রশাসনিক নেটওয়ার্কের অসামান্য বৈশ্বিক মূল্যকে স্বীকৃতি দিয়েছে।

কাজভিন প্রদেশের আলামুত দুর্গ, যা আলবোর্জ পর্বতমালার আলামুত উপত্যকার উপরে দৃষ্টিনন্দনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, মধ্যযুগীয় ইরানের দুর্গ-নির্মাণশৈলীর অন্যতম বিস্ময়কর কীর্তি হিসেবে বিবেচিত। এর নির্মাতারা অসাধারণ দক্ষতায় পাহাড়ি ভূপ্রকৃতির সুবিধা নিয়ে প্রাকৃতিক দৃশ্যপটকেই দুর্গের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছিলেন। খাড়া পাথুরে ঢাল, সংকীর্ণ পথ, গভীর উপত্যকা এবং সূক্ষ্মভাবে নকশাকৃত প্রতিরক্ষা কাঠামো একত্রে গড়ে তুলেছিল এক ভয়ঙ্কর দুর্গ।

আলামুত দুর্গের উপরিভাগ

কিংবদন্তি ও উৎসের কাহিনি

শতাব্দীর পর শতাব্দী ধরে আলামুত ছিল নিছক একটি বিচ্ছিন্ন সামরিক ঘাঁটির চেয়েও অনেক বেশি কিছু। এটি ইরানে নিজারি ইসমাইলি রাষ্ট্রের মূল কেন্দ্র হিসেবে কাজ করেছিল এবং রাজনৈতিক সংগঠন, বুদ্ধিবৃত্তিক কার্যক্রম ও সাংস্কৃতিক বিনিময়ের এক প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। এর ইতিহাস দেখায় কীভাবে একটি তুলনামূলক ছোট রাজনৈতিক সমাজ ভূপ্রকৃতি, সংগঠন, কূটনীতি ও জ্ঞানের ওপর নির্ভর করে অঞ্চলের শক্তিশালী সাম্রাজ্যগুলোর উচ্চাকাঙ্ক্ষার মাঝেও টিকে থাকতে পেরেছিল।

আলামুত নামের উৎপত্তি ঐতিহ্যগতভাবে এমন এক কাহিনির সাথে জড়িত, যেখানে একটি ঈগল একজন দায়লামি শাসককে দুর্গের স্থানের দিকে পথ দেখিয়ে নিয়ে যায়। প্রচলিত এক ব্যাখ্যা অনুযায়ী, নামটি "ঈগল" ও "শিক্ষা" সম্পর্কিত শব্দ থেকে এসেছে বলে মনে করা হয়।

ঐতিহাসিক সূত্র অনুযায়ী, দুর্গটি নবম শতাব্দীর মাঝামাঝি জাস্তানি রাজবংশের শাসনামলে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ইসমাইলিদের নিয়ন্ত্রণে আসার আগে এটি জায়দি আলাউইদের মতো একাধিক আঞ্চলিক শক্তির হাত বদল হয়। দুর্গটি বর্তমান মাসুদাবাদ (গাজারখান) গ্রামের কাছে একটি নাটকীয় শৈলশিরার উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২১৬৩ মিটার এবং আশপাশের ভূমি থেকে প্রায় ২২০ মিটার উঁচুতে অবস্থিত। এর দুর্গম ভৌগোলিক অবস্থানই স্বাভাবিকভাবে প্রবেশাধিকার সীমিত করে দিয়েছে, আর খাড়া ঢাল ও গভীর উপত্যকা যোগ করেছে বাড়তি সুরক্ষার স্তর—যা আলামুতকে মধ্যযুগীয় ইরানের সবচেয়ে দুর্ভেদ্য দুর্গগুলোর একটি হিসেবে খ্যাতি এনে দিয়েছে।

তবে শেষ পর্যন্ত দুর্গটি প্রচলিত সামরিক আক্রমণে পতিত হয়নি। ১০৯০ সালে হাসান সাব্বাহ প্রত্যক্ষ সামরিক আক্রমণ নয়, বরং সুচিন্তিত রাজনৈতিক ও ধর্মীয় প্রভাব বিস্তারের কৌশলে আলামুতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। অন্যদিকে, ১২৫৬ সালে নিজারিদের বৃহত্তর প্রতিরক্ষা নেটওয়ার্ক ভেঙে পড়ার পর দুর্গের আত্মসমর্পণের মধ্য দিয়ে মঙ্গোল বিজয় সম্পন্ন হয়। এভাবে আলামুতের ইতিহাস মধ্যযুগীয় যুদ্ধকৌশলের আরেকটি দিক তুলে ধরে—দুর্গ বিশাল কৌশলগত সুবিধা দিতে পারে, কিন্তু এর টিকে থাকা শেষ পর্যন্ত নির্ভর করে রাজনৈতিক পরিস্থিতি, মৈত্রী, রসদ, মনোবল এবং যে সমাজ একে রক্ষা করে তার ঐক্যের ওপর।

শীতকালে তুষারাবৃত আলামুত দুর্গ

ক্ষমতা, জ্ঞান ও প্রশাসনের কেন্দ্র

১০৯০ সালে হাসান সাব্বাহ আলামুত দখল করার পর দুর্গটি এক মৌলিক রূপান্তরের মধ্য দিয়ে যায়। এটি নবগঠিত নিজারি ইসমাইলি রাষ্ট্রের রাজধানীতে পরিণত হয় এবং একই সঙ্গে রাজনৈতিক কেন্দ্র, সামরিক দুর্গ, প্রশাসনিক ঘাঁটি ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে কাজ করে। এই দূরবর্তী পার্বত্য দুর্গ থেকে হাসান সাব্বাহ এমন এক আন্দোলন পরিচালনা করতেন, যার প্রভাব আলামুত উপত্যকার সীমানা ছাড়িয়ে মধ্যযুগীয় ইসলামি বিশ্বের বৃহত্তর রাজনৈতিক চিত্রকে প্রভাবিত করেছিল।

সেলজুক ইরানজুড়ে ইসমাইলি সম্প্রদায়ের ওপর তীব্র চাপের সময়েই আলামুতে নিজারিদের ঘাঁটি স্থাপিত হয়। এই কঠিন পরিস্থিতিতে দুর্গটি এক নিরাপদ ভূখণ্ডভিত্তি জোগায়, যেখান থেকে নিজারিরা নিজেদের সমর্থকদের সংহত করতে এবং ইরানি মালভূমির খণ্ডবিখণ্ড রাজনৈতিক দৃশ্যপটে একটি বিকল্প রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে পেরেছিল।

আলামুত দুর্গে পর্যটকরা

সাম্প্রতিক গবেষণা পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করেছে, যেখানে এই দুর্গগুলোকে মূলত একটি সংযুক্ত প্রতিরক্ষা-সীমান্ত হিসেবে কল্পনা করা হতো। এর বদলে প্রত্নতাত্ত্বিক ও ভৌগোলিক গবেষণা দেখায় যে দুর্গ, জনবসতি, কৃষিক্ষেত্র ও যোগাযোগ-পথের মধ্যকার সম্পর্ক ছিল অনেক বেশি জটিল—দুর্গগুলো নিছক প্রতিরক্ষা-প্রাচীর নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ভূদৃশ্যের মধ্যে পরস্পর-সংযুক্ত কেন্দ্র হিসেবে কাজ করত।

দুর্গগুলোর গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক ভূমিকাও ছিল। এগুলো এমন সুরক্ষিত পরিবেশ জোগাত যেখানে পণ্ডিত, কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্বরা অঞ্চলের অস্থিরতা থেকে দূরে থেকে কাজ করতে পারতেন। আলামুত যুগের বিশিষ্ট বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম ছিলেন ইরানি বিশ্বকোষবিদ নাসিরুদ্দিন তুসি, যিনি মঙ্গোল বিজয়ের আগে নিজারিদের সাথে তার পেশাগত জীবনের একটা অংশ কাটিয়েছিলেন এবং পরবর্তীতে ইলখানি যুগের অন্যতম প্রভাবশালী পণ্ডিতে পরিণত হন।

ঐতিহাসিক বিবরণে আলামুতের গ্রন্থাগারের গুরুত্বও তুলে ধরা হয়েছে, যেখানে বিশাল সংগ্রহের পাণ্ডুলিপি ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি সংরক্ষিত ছিল বলে জানা যায়। এই বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের প্রমাণ ইসমাইলি দুর্গগুলোকে নিছক সামরিক প্রতিষ্ঠান হিসেবে দেখার পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করেছে।

আলামুত দুর্গের প্রবেশদ্বার

মঙ্গোল আক্রমণ ও আলামুতের পতন

১২৫৬ খ্রিস্টাব্দ আলামুতের ইতিহাসের এক নির্ণায়ক মুহূর্ত। হালাকু খানের অভিযানের সময় মঙ্গোল বাহিনী ইরানজুড়ে নিজারি দুর্গগুলোতে পরিকল্পিতভাবে আক্রমণ চালায়। চারপাশের দুর্গগুলো একে একে মঙ্গোলদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার সাথে সাথে আলামুতের কৌশলগত অবস্থান ক্রমেই অরক্ষিত হয়ে পড়ে এবং শেষমেশ দুর্গটি আত্মসমর্পণ করে।

বিজয়ের পর মূল স্থাপনার বেশিরভাগ অংশ ধ্বংস বা বিনষ্ট হয়, আর বিখ্যাত গ্রন্থাগারটি ভয়াবহ ক্ষতির শিকার হয়। মঙ্গোল বাহিনীর সঙ্গে থাকা ইতিহাসবিদ আতা মালিক জুভাইনি গ্রন্থাগারে প্রবেশাধিকার পান এবং বাকি সংগ্রহ ধ্বংস হওয়ার আগে কিছু পাণ্ডুলিপি ও বৈজ্ঞানিক যন্ত্র সংরক্ষণের জন্য বেছে নেন। এই বিপুল লিখিত উপাদানের ক্ষতি নিজারি সমাজের লিখিত দলিলকে স্থায়ীভাবে সংকুচিত করে দেয়।

তবে আজকের দৃশ্যমান ধ্বংসাবশেষকে শুধু মঙ্গোল বিজয়ের ভৌত অবশেষ হিসেবে দেখা ঠিক হবে না। শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্থানটি ক্ষয়, পরিত্যাগ, পুনর্নির্মাণ ও মানবসৃষ্ট ধ্বংসের মধ্য দিয়ে রূপান্তরিত হয়েছে। যেমন সাফাভি আমলে দুর্গটি বন্দিদের রাখার জন্য ব্যবহৃত হতো।

 চিত্রকলায় আলামুতের মোঙ্গল অবরোধ

দুর্গের স্থাপত্য

আলামুত ও অন্যান্য নিজারি দুর্গের নির্মাণকৌশল পার্বত্য ভূপ্রকৃতি সম্পর্কে এক অত্যন্ত উন্নত বোঝাপড়ার প্রতিফলন ঘটায়। এর নির্মাতারা প্রাকৃতিক দৃশ্যপটকে জয় করার চেষ্টার বদলে একে সরাসরি প্রতিরক্ষা-নকশায় একীভূত করেছিলেন। পার্বত্য দুর্গগুলোতে জলাধার, নালা, কারেজ (ভূগর্ভস্থ পানি সরবরাহ ব্যবস্থা) ও অন্যান্য জল সরবরাহ পদ্ধতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ নির্ভরযোগ্য পানির উৎসের প্রাপ্যতাই নির্ধারণ করত একটি দুর্গ দীর্ঘ অবরোধ সহ্য করতে পারবে কি না।

নিজারি নির্মাতারা বিশাল দেয়ালের উপর একচেটিয়া নির্ভরতার বদলে এমন স্থান বেছে নিতেন, যেখানে পাথর, ঢাল, উপত্যকা ও সংকীর্ণ পথ আগে থেকেই প্রতিরক্ষা-বাধার বড় অংশ গঠন করত। এই পার্বত্য দুর্গগুলোর শক্তি শুধু তাদের দেয়ালে নয়, বরং যেভাবে প্রতিটি প্রাকৃতিক ও নির্মিত উপাদান একত্রে টিকে থাকার জন্য কাজ করত, তার মধ্যেই নিহিত ছিল।

আলামুত ক্যাসেল জলাধার

আলামুতের পুনরাবিষ্কার

শতাব্দীর পর শতাব্দী ধরে আলামুত মূলত লিখিত বিবরণ ও স্থানীয় ঐতিহ্যের মাধ্যমে টিকে ছিল। এর চিত্র বিশেষভাবে পশ্চিমা ভ্রমণকারীদের লেখার মাধ্যমে আধুনিক আন্তর্জাতিক চেতনায় প্রবেশ করে, যাদের মধ্যে ফ্রেয়া স্টার্ক উল্লেখযোগ্য, যার ১৯৩০-এর দশকে প্রকাশিত বই "ভ্যালি অব দ্য অ্যাসাসিনস" ব্যাপক পাঠকদের কাছে এই ভূদৃশ্য তুলে ধরেছিল।

হামিদেহ চুবাকের নেতৃত্বে ২০০১ সালে শুরু হওয়া খননকাজ স্থাপনার প্রোথিত অংশগুলো উন্মোচন করে এবং গবেষকদের বিভিন্ন এলাকার ব্যবহার পদ্ধতি পরীক্ষা করার সুযোগ দেয়। প্রত্নতাত্ত্বিক কাজ মূল প্রবেশপথ, কেন্দ্রীয় এলাকা, কারাগার-সম্পর্কিত কাঠামো, জল ও গুদাম-স্থাপনা শনাক্ত ও পরীক্ষা করেছে। দুই দশকেরও বেশি সময়ের এই খনন, নথিভুক্তকরণ ও গবেষণা আলামুতের আন্তর্জাতিক স্বীকৃতিতে অবদান রেখেছে, যার ফলাফল ২০২৬ সালের ইউনেস্কো তালিকাভুক্তি।

সংস্কারাধীন আলামুত দুর্গ

আজকের আলামুত ভ্রমণ

আলামুত দুর্গে পৌঁছানো এখনও এমন এক অভিজ্ঞতা, যেখানে যাত্রাটাই গন্তব্যের একটা বড় অংশ। দর্শনার্থীরা প্রায় দুই ঘণ্টা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় ভ্রমণ করেন। কাছের গ্রাম মাসুদাবাদ (গাজারখান) স্থানীয় সম্প্রদায়ের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ দেয়—বাগান, বাড়িঘর, কৃষিকাজ ও পর্যটন এখানে পাশাপাশি টিকে আছে।

দুর্গের পাদদেশ থেকে দর্শনার্থীদের গাড়ি রেখে চূড়ার দিকে দৃষ্টিনন্দন সিঁড়ির সারি বেয়ে পায়ে হেঁটে যেতে হয়। চূড়ায় অবশিষ্ট ধ্বংসাবশেষ একটি সম্পূর্ণ মধ্যযুগীয় দুর্গের চিত্র থেকে অনেকটাই আলাদা—দেয়ালের অবশিষ্টাংশ, ভিত্তি ও ভবনের খণ্ডাংশ চোখে পড়ে, পুরোপুরি পুনর্নির্মিত কোনো দুর্গ নয়।

আলামুত দুর্গে প্রবেশের সিঁড়ি

পর্যটন অবকাঠামো ও সংরক্ষণ প্রচেষ্টা

২০২৬ সালে ইউনেস্কোর নথিভুক্তকরণ আলামুত ও এর সংশ্লিষ্ট দুর্গগুলো—লামবাসার, নুধারশাহ, শামসকালায়েহ, কাসতিনলার, শিরকুহ ও ইলান—এর সংরক্ষণ ও প্রচারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়ের প্রতিনিধিত্ব করে। আন্তর্জাতিক স্বীকৃতি সম্ভবত এই অঞ্চলের প্রতি আগ্রহ বাড়াবে, ফলে সতর্ক দর্শনার্থী ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি সংরক্ষণ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

আলামুত দুর্গ, মাসুদাবাদ গ্রাম এবং আলামুত উপত্যকার দৃশ্য।

আলামুতের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারিক চ্যালেঞ্জগুলোর একটি হলো প্রবেশাধিকার। দুর্গের ভেতরে কিছু এলাকা অস্থিতিশীল কাঠামো ও খাড়া খাদের কারণে নিরাপদে সাধারণ মানুষের জন্য খোলা যায় না। দীর্ঘমেয়াদি লক্ষ্য না সীমাহীন প্রবেশাধিকার, না সম্পূর্ণ বিচ্ছিন্নতা—বরং এমন সতর্কভাবে পরিচালিত পরিদর্শন, যা স্থাপনার প্রকৃততা ও ভঙ্গুরতাকে সম্মান করে।

বছরের পর বছর ধরে আলামুত দুর্গের দর্শনার্থী সংখ্যায় উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। মহামারির পর দেশীয় পর্যটন জোরালোভাবে ঘুরে দাঁড়িয়ে ২০২৪ সালে ২৭,৯৪৪ দর্শনার্থীতে পৌঁছায়, অন্যদিকে আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা সীমিতই থেকে যায়—২০১৮ সালে সর্বোচ্চ ২,০৩০ জনে পৌঁছানোর পর ২০২০-এর দশকের শুরুতে তা কয়েকশ' জনে নেমে আসে।#

পার্সটুডে/এমএএআর/১৭