বিশ্বের রাষ্ট্রপ্রধান ও কর্মকর্তাদের 'সাহায্যের নামে' বই উপহার দিলেন ইরানের প্রেসিডেন্ট
-
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতিটি বৈঠকে ‘বে নামে কোমাক’ (সাহায্যের নামে) শিরোনামের একটি বই উপহার দিয়েছেন। বইটিতে ইরানি জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারের কথিত অপরাধ ও হামলার বিভিন্ন নথি তুলে ধরা হয়েছে।
ইরানের সরকারি সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পেজেশকিয়ান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকের সময় তাদের হাতে ‘সাহায্যের নামে’ বইটি তুলে দেন। বইটিতে ইরানের জনগণ ও অবকাঠামোর ওপর হামলা এবং এসব সংঘাতে নিহতদের বিভিন্ন ছবি ও তথ্য উপস্থাপন করা হয়েছে।
‘সাহায্যের নামে’ নামটি এমন কথিত ‘মিথ্যা সহায়তা’র প্রতি ইঙ্গিত করে, যার আড়ালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাম্প্রতিক কয়েকটি যুদ্ধে ইরানে মানবতাবিরোধী কর্মকাণ্ড চালিয়েছে—বইটির বর্ণনা অনুযায়ী।
বিভিন্ন বৈঠকে ইরানের প্রেসিডেন্ট সাম্প্রতিক ঘটনাবলি তুলে ধরে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড—এর মধ্যে অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলা এবং ইরানের নেতৃত্ব, কর্মকর্তা, সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও নাগরিকদের লক্ষ্যবস্তু করার ঘটনাও রয়েছে—আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি, মানবিক আইন এবং আন্তর্জাতিক নথি ও চুক্তি থেকে উদ্ভূত অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।
পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আন্তর্জাতিক অঙ্গীকারের পরিপন্থী কিছু কর্মকাণ্ড অব্যাহত থাকার কথা উল্লেখ করে সব পক্ষকে রাষ্ট্রগুলোর জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান, শক্তি প্রয়োগ থেকে বিরত থাকা এবং সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির নীতি মেনে চলার ওপর জোর দেন।
বিভিন্ন বৈঠকে তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান নিজেদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার পাশাপাশি পারস্পরিক সম্মান, অভিন্ন স্বার্থ, সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক, সার্বভৌম সমতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি ও বিধি মেনে সব দেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা সম্প্রসারণে প্রস্তুত।#
পার্সটুডে/এমবিএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।